তেপান্তর রিপোর্ট:
উত্তরবঙ্গকে দেশের ‘কৃষি শিল্পের রাজধানী’ হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। একইসঙ্গে বিদেশে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে কঠোর পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, “পাচারকারীর গলার ভেতরে হাত দিয়ে টাকা বের করে আনব।”
বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে কুড়িগ্রামে এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নারী অধিকার ও নিরাপত্তা প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, জামায়াত ক্ষমতায় গেলে কর্মস্থলে মা-বোনদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হবে। যাতে তারা নির্ভয়ে ও সম্মানের সাথে দেশের উন্নয়নে অবদান রাখতে পারেন।
বিগত ৫৪ বছরে কুড়িগ্রামের অবহেলার চিত্র তুলে ধরে তিনি অভিযোগ করেন, এই অঞ্চলের নদী শাসনের জন্য অতীতে কেউ কার্যকর কাজ করেনি। বরং উন্নয়ন প্রকল্পের নাম করে শুধু চুরি ও বিদেশে টাকা পাচার করা হয়েছে। যুবসমাজের উদ্দেশ্যে তিনি বলেন, “যুবকরা তৈরি হয়ে যাও, এই বাংলাদেশ তোমাদের হাতে তুলে দিচ্ছি। তোমাদের নিয়ে আমরা যে যাত্রা শুরু করেছি, কেউ তা থামাতে পারবে না।”
সম্প্রতি নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম (এক্স) অ্যাকাউন্ট হ্যাক হওয়া প্রসঙ্গে জামায়াত আমির জানান, সত্য ইতোমধ্যে প্রমাণিত হয়েছে এবং আইডি হ্যাকের সাথে জড়িত একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি অভিযোগ করেন, এই ঘটনা নিয়ে একটি মহল অপপ্রচার চালিয়েছিল যা এখন জনসম্মুখে পরিষ্কার। নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে তিনি ভোটারদের আসন্ন সংসদ নির্বাচনে দুর্নীতিমুক্ত ও ইনসাফ কায়েমের পক্ষে রায় দেওয়ার আহ্বান জানান।
তেপান্তরে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
ArrayCopyright © 2026 তেপান্তর | Design & Developed By: ZamZam Graphics