ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ২৬ দফার অগ্রাধিকার ভিত্তিক নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এতে রাষ্ট্র পরিচালনায় যুবকদের প্রাধান্য, আনুপাতিক নির্বাচন (পিআর) পদ্ধতির প্রবর্তন, জুলাই বিপ্লবের চেতনা বাস্তবায়ন এবং গত দেড় দশকে হওয়া গুম-খুনের বিচারের অঙ্গীকার করা হয়েছে।
বুধবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে এই ইশতেহার প্রকাশ করেন দলের আমির ডা. শফিকুর রহমান। ‘জাতীয় স্বার্থে আপসহীন বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে ঘোষিত এই ইশতেহারে দলটির ৪১ দফার ভিশন ও ২৬টি বিশেষ অগ্রাধিকারের কথা জানানো হয়।
ইশতেহারে রাজনৈতিক সংস্কারের ওপর জোর দিয়ে জামায়াত জানিয়েছে, তারা ক্ষমতায় গেলে দেশে আনুপাতিক নির্বাচন পদ্ধতি চালু এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে। একইসঙ্গে বিগত সরকারের আমলে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় হওয়া প্রতিটি বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও গুমের বিচার নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছে দলটি।
ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপকে অগ্রাধিকার দিয়ে দলটির আমির বলেন, বিগত ৫৪ বছরে রাজনীতির প্রচলিত স্লোগানগুলো বাস্তবে রূপ পায়নি। জামায়াত জনআকাঙ্ক্ষাকে গুরুত্ব দিয়ে একটি বৈষম্যহীন ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে চায়।
সামাজিক ও অর্থনৈতিক নিরাপত্তার ক্ষেত্রে ইশতেহারে সরকারি চাকরিতে আবেদন ফি বাতিল, মেধার ভিত্তিতে নিয়োগ এবং ২০৩০ সালের মধ্যে দেশজুড়ে ভেজালমুক্ত খাদ্য নিশ্চিত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে ‘জুলাই বিপ্লবের’ ওপর। দলটির পক্ষ থেকে বলা হয়েছে, শহীদ পরিবার ও আহতদের পুনর্বাসনের পাশাপাশি ‘জুলাই সনদ’ বাস্তবায়ন করা হবে।
এছাড়া নারীদের জন্য নিরাপদ কর্মপরিবেশ, প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করা এবং রাজধানীর সঙ্গে বিভাগীয় শহরের যোগাযোগ ব্যবস্থা দুই থেকে তিন ঘণ্টায় নামিয়ে আনার উচ্চাভিলাষী পরিকল্পনার কথা বলা হয়েছে ইশতেহারে। সংখ্যালঘুদের বিষয়ে দলটি জানিয়েছে, মেজরিটি-মাইনরিটি বিভাজন নয়, বরং নাগরিক পরিচয়কেই প্রাধান্য দেওয়া হবে।
তেপান্তরে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Copyright © 2026 তেপান্তর | Design & Developed By: ZamZam Graphics