তেপান্তর রিপোর্ট:
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রধান সমন্বয়ক ও ঢাকা-৮ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী অভিযোগ করেছেন, জামায়াত আমিরের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট হ্যাক হওয়া বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সুদূরপ্রসারী পরিকল্পনার অংশ। বুধবার নিজ নির্বাচনী এলাকায় প্রচারকালে তিনি এই দাবি করেন।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, তারেক রহমান আগে যে ‘প্ল্যানের’ কথা বলেছিলেন, জামায়াত আমির ডা. শফিকুর রহমানের আইডি হ্যাক করা তারই বাস্তবায়ন। তিনি অভিযোগ করেন, নির্বাচনী মাঠে লেভেল প্লেয়িং ফিল্ড নেই এবং বিএনপি-জামায়াত বলয়ের বাইরে থাকা প্রার্থীদের ওপর পরিকল্পিতভাবে চাপ সৃষ্টি করা হচ্ছে।
প্রচারণার সময় নিজের নারী কর্মীদের ওপর হামলা ও হেনস্তার অভিযোগ তুলে এনসিপি নেতা বলেন, ‘ব্যবসায়ীদের বাধ্য করে রাজনৈতিক সভায় নেওয়া হচ্ছে। সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ভয়ভীতি দেখানো হচ্ছে এবং রাতের আঁধারে আমার পোস্টার-বিলবোর্ড ছিঁড়ে ফেলা হচ্ছে।’ তিনি আরও দাবি করেন, বঙ্গভবন স্টাফ কোয়ার্টারে তাদের নির্বাচনী প্রচার চালাতে বাধা দেওয়া হয়েছে।
বিএনপির অভ্যন্তরীণ নেতৃত্ব ও সাংগঠনিক কাঠামো নিয়ে কঠোর সমালোচনা করে নাসীরুদ্দীন বলেন, ‘মাল্টি লেভেল মার্কেটিং (এমএলএম) পদ্ধতিতে চাঁদাবাজি চলছে। ওয়ার্ড কমিটি থেকে শুরু করে তারেক রহমান পর্যন্ত এই চাঁদার ভাগ যায়।’ তিনি এই ‘গ্যাংস্টার ইকোনমি’ বন্ধের দাবি জানিয়ে একটি নতুন ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।
নির্বাচনের নিরপেক্ষতা নিয়ে শঙ্কা প্রকাশ করে এই জোট প্রার্থী বলেন, মিডিয়া ও প্রশাসনের একাংশ এরই মধ্যে পক্ষ নিয়ে ফেলেছে। ফলে সাধারণ ভোটারদের অধিকার রক্ষা করা কঠিন হয়ে পড়ছে।
তেপান্তরে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Copyright © 2026 তেপান্তর | Design & Developed By: ZamZam Graphics