Tepantor

দিল্লি থেকে কোনো ষড়যন্ত মেনে নেওয়া হবে না: কুতুবদিয়ায় নাহিদ ইসলাম

5 February, 2026 : 6:30 pm

তেপান্তর রিপোর্ট:
দিল্লি থেকে কোনো প্রকার রাজনৈতিক ষড়ষন্ত্র বাংলার মাটিতে আর মেনে নেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, বাংলাদেশে কে সরকার গঠন করবে তা নির্ধারণ করবে কেবল এ দেশের জনগণ। কোনো বিদেশি শক্তির তাবেদারি সরকার আর ক্ষমতায় বসতে পারবে না।

বৃহস্পতিবার (০৫ ফেব্রুয়ারি) দুপুরে কক্সবাজারের দ্বীপ উপজেলা কুতুবদিয়ায় ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন। কক্সবাজার-০২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা ও জোট মনোনীত প্রার্থী ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদের সমর্থনে এই সভার আয়োজন করা হয়।

নাহিদ ইসলাম তার বক্তব্যে বলেন, “আগস্টের পর যারা নতুন করে চাঁদাবাজি ও দখলবাজি শুরু করেছে, তারাই আসলে নতুন জালেম। আমরা ফ্যাসিবাদ ও আধিপত্যবাদ মুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে ঐক্যবদ্ধ হয়েছি। এই কক্সবাজার-০২ আসনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে দেশপ্রেমিক শক্তিকে বিজয়ী করতে হবে।”

জনসভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কুতুবদিয়ার স্থানীয় বাসিন্দা ও সাবেক সংসদ সদস্য ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ। উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের নায়েবে আমির মাওলানা ইউসুফ আশরাফ এবং বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির মহাসচিব মুফতি মুসা বিন ইজহারসহ ১১ দলীয় জোটের শীর্ষ নেতৃবৃন্দ। বক্তারা নিরপেক্ষ ও প্রভাবমুক্ত নির্বাচনের জন্য নির্বাচন কমিশনের প্রতি জোর দাবি জানান।

Tepantor

তেপান্তরে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।