Tepantor

ঢাকা-১৭ আসনে তারেক রহমানের পক্ষে জাইমা রহমানের গণসংযোগ

7 February, 2026 : 3:27 pm

ঢাকা-১৭ আসনে বিএনপি চেয়ারম্যান ও ধানের শীষের প্রার্থী তারেক রহমানের পক্ষে নির্বাচনী গণসংযোগে অংশ নিয়েছেন তার কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে গুলশানের পুলিশ প্লাজা এলাকা থেকে তিনি এই প্রচার কার্যক্রম শুরু করেন।

গণসংযোগকালে জাইমা রহমানের সঙ্গে ছিলেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ডা. জিয়াউদ্দিন হায়দার এবং বেগম খালেদা জিয়ার দীর্ঘদিনের ব্যক্তিগত সহকারী ফাতেমা খাতুন। গুলশানের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে তিনি সাধারণ ভোটার, পথচারী ও ব্যবসায়ীদের হাতে ধানের শীষের লিফলেট তুলে দেন।

ভোট প্রার্থনা কালে জাইমা রহমান বলেন, “আমি তারেক রহমানের কন্যা। আমার বাবা এই আসনে ধানের শীষের প্রার্থী। আপনাদের কাছে তাঁর পক্ষে দোয়া ও ভোট চাই।” গণসংযোগকালে তিনি বিভিন্ন ব্যাংক ও অফিসে প্রবেশ করে কর্মকর্তাদের সঙ্গে কুশল বিনিময় করেন।

এ সময় জাইমা রহমানকে লিফলেটের পাশাপাশি পরিবেশবান্ধব বীজের প্যাকেট বিতরণ করতে দেখা যায়। তিনি জানান, নির্বাচনী বর্জ্য কমাতে এবং পরিবেশ রক্ষায় এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। এই বীজগুলো মাটি বা টবে রোপণ করলে গাছ জন্মাবে।

গণসংযোগ চলাকালে গুলশান-১ নম্বর সার্কেল এলাকায় উৎসুক জনতার ভিড় জমে যায়। জাইমা রহমানকে কাছে পেয়ে অনেকেই ছবি ও সেলফি তোলেন। এক রিকশাচালক আবেগাপ্লুত হয়ে বলেন, তারেক রহমানের মেয়েকে দেখে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কথা মনে পড়ছে।

উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসন থেকে ধানের শীষ প্রতীকে লড়ছেন তারেক রহমান।

Tepantor

তেপান্তরে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Array