আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে রাজধানীর মিরপুর ও মোহাম্মদপুরে বিশাল নির্বাচনী শোডাউন করেছে ১১ দলীয় জোট। সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে আগারগাঁও থেকে মিরপুর পর্যন্ত গণমিছিলে নেতৃত্ব দেন ঢাকা-১৫ আসনের প্রার্থী ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। মিছিলে তিনি ঘোষণা করেন, “আসন্ন ভোটই নির্ধারণ করবে দেশ স্বাধীনতার পথে এগোবে, নাকি আবারও পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ হবে। আজাদি না গোলামি—ফয়সালা ১২ ফেব্রুয়ারির ভোটেই হবে।”
এরপর মোহাম্মদপুর ঈদগাহ মাঠে ঢাকা-১৩ আসনের জোট প্রার্থী মামুনুল হকের নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন তিনি। সেখানে জামায়াত আমির প্রশাসনের উদ্দেশ্যে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “কারও হুকুম পালনের জন্য আমলারা দলবাজি করবেন না। যদি আবারও দেশকে ফ্যাসিবাদের দিকে ঠেলে দেওয়ার দুঃসাহস কেউ দেখায়, তবে জুলাইয়ের মতো আবারও রুখে দেওয়া হবে।”
জনসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি এবং জামায়াত আমির উভয়েই ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল নিষিদ্ধের সমালোচনা করেন এবং কারচুপি ঠেকাতে তরুণ সমাজকে ‘ভোটকেন্দ্র পাহারা’ দেওয়ার আহ্বান জানান। জামায়াত আমির প্রতিশ্রুতি দেন, ১১ দলীয় জোট ক্ষমতায় এলে মাওলানা মামুনুল হককে দেশের একজন যোগ্য মন্ত্রী হিসেবে দেখা যাবে।
বক্তারা অভিযোগ করেন, একটি নির্দিষ্ট পক্ষ পরাজয়ের ভয়ে ‘নির্বাচন হাইজ্যাক’ করার পাঁয়তারা করছে। নির্বাচনী এলাকায় বহিরাগত প্রবেশে বাধা এবং ভোটারদের তথ্য অধিকার রক্ষায় ইসির পক্ষপাতদুষ্ট আচরণের বিরুদ্ধেও তারা কঠোর প্রতিবাদ জানান।
তেপান্তরে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
ArrayCopyright © 2026 তেপান্তর | Design & Developed By: ZamZam Graphics