Tepantor

ব্রাহ্মণবাড়িয়ায় কেন্দ্রে কেন্দ্রে পৌঁছাচ্ছে নির্বাচনী সরঞ্জাম, প্রস্তুত ২৫ লাখ ভোটার

11 February, 2026 : 6:31 pm

তেপান্তর রিপোর্ট:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ায় উৎসবমুখর পরিবেশে নির্বাচনী সরঞ্জাম বিতরণ শুরু হয়েছে। বুধবার (১১ ফেব্রুয়ারি) সকাল থেকে জেলার ৬টি সংসদীয় আসনের আওতায় ৯টি উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তারা প্রিজাইডিং কর্মকর্তাদের হাতে ব্যালট পেপার, ব্যালট বাক্সসহ আনুষঙ্গিক উপকরণ বুঝিয়ে দিচ্ছেন।

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, জেলার ৮০৫টি ভোটকেন্দ্রের জন্য প্রয়োজনীয় ব্যালট পেপার, স্বচ্ছ ব্যালট বাক্স, অফিসিয়াল সিল, অমোচনীয় কালিসহ যাবতীয় সরঞ্জাম কড়া নিরাপত্তায় কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে। জেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ শানিয়াজ্জামান জানান, সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটগ্রহণের লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়ায় এবার মোট ভোটার সংখ্যা ২৫ লাখ ৬৮ হাজার ১২৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১৩ লাখ ২৯ হাজার ৯৭৮ জন এবং নারী ভোটার ১২ লাখ ৩৮ হাজার ১৩৩ জন। নির্বাচনে শৃঙ্খলা বজায় রাখতে মাঠে থাকছেন সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, র‍্যাব ও আনসারসহ মোট ৩ হাজার ৬৬৩ জন নিরাপত্তা সদস্য। এছাড়া জেলা প্রশাসনের ৪০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালত পরিচালনার জন্য নিয়োজিত থাকছেন।

নিরাপত্তা বিশ্লেষণে জেলার ৮০৫টি কেন্দ্রের মধ্যে ৫৭৪টিকে ‘ঝুঁকিপূর্ণ’ ও ‘অতি ঝুঁকিপূর্ণ’ হিসেবে চিহ্নিত করেছে জেলা পুলিশ। এসব কেন্দ্রে বাড়তি নজরদারি ও টহল জোরদার করা হয়েছে। ভোটগ্রহণের জন্য জেলায় ৮০৫ জন প্রিজাইডিং কর্মকর্তা এবং ১৫ হাজারেরও বেশি সহকারী প্রিজাইডিং ও পোলিং কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে।

Tepantor

তেপান্তরে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Array