Tepantor

ব্রাহ্মণবাড়িয়া-২: কেন্দ্র দখল ও জাল ভোটের আশঙ্কায় রুমিন ফারহানা

12 February, 2026 : 1:01 pm

তেপান্তর রিপোর্ট:
ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা ভোটকেন্দ্রে পেশিশক্তি ব্যবহার ও ব্যালটে সিল মারার আশঙ্কার অভিযোগ তুলেছেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে সরাইল উপজেলার শাহবাজপুর উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নিজের ভোট প্রদান শেষে তিনি গণমাধ্যমকর্মীদের কাছে এই দাবি করেন।

রুমিন ফারহানা অভিযোগ করেন, ভোটের আগের রাতে নোয়াগাঁও ইউনিয়ন থেকে তার দুই কর্মীকে বিনা কারণে আটক করেছে পুলিশ। এছাড়া আশুগঞ্জ উপজেলার আটটি কেন্দ্রকে ‘অত্যন্ত ঝুঁকিপূর্ণ’ হিসেবে চিহ্নিত করে তিনি প্রশাসনকে অবহিত করেছেন বলে জানান।

প্রতিপক্ষ জোটের প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ তুলে এই স্বতন্ত্র প্রার্থী বলেন, “আমরা তথ্য পেয়েছি দুপুরের দিকে কেন্দ্র দখল করে সিল মারার পরিকল্পনা করা হচ্ছে। বিষয়টি ইতিমধ্যে পুলিশ, সেনাবাহিনী ও রিটার্নিং কর্মকর্তাকে জানানো হয়েছে।”

তবে উদ্ভূত পরিস্থিতির মধ্যেও জয়ের ব্যাপারে নিজের দৃঢ় অবস্থানের কথা জানান তিনি। ভোট দেওয়ার পর রুমিন ফারহানা সরাইল ও আশুগঞ্জ এলাকার বিভিন্ন কেন্দ্র পরিদর্শনে যান।

ব্রাহ্মণবাড়িয়া জেলার ছয়টি সংসদীয় আসনে আজ ভোটগ্রহণ চলছে। জেলায় মোট ৪৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ২৬ লাখ ৮ হাজার ৮৭ জন ভোটারের এই জেলায় পুরুষ ভোটারের সংখ্যা ১৩ লাখ ৬৬ হাজার ৩৭৩ এবং নারী ভোটার ১২ লাখ ৪১ হাজার ৬৯৮ জন। ১৬ জন তৃতীয় লিঙ্গের ভোটারও তালিকায় রয়েছেন।

Tepantor

তেপান্তরে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Array