তেপান্তর রিপোর্ট:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া জেলার ৬টি আসনের নির্বাচনী লড়াইয়ে ৫টিতেই বড় জয় পেয়েছে বিএনপি ও তাদের নেতৃত্বাধীন জোটের প্রার্থীরা। অবশিষ্ট একটি আসনে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) ঘোষিত বেসরকারি ফলাফলে এই তথ্য জানা গেছে।
ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনে বিএনপির প্রার্থী এম.এ. হান্নান ৬৯ হাজার ২৫৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট কামরুজ্জামান মামুন পেয়েছেন ৩৫ হাজার ৫৬৮ ভোট।
জেলায় সবচেয়ে আলোচিত ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনে জয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা। তিনি বিএনপি জোট মনোনীত জমিয়াতে উলামায়ে ইসলামের প্রার্থী মাওলানা জুনায়েদ আল হাবীবকে পরাজিত করেছেন।
ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনে বিএনপির ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তিনি এনসিপি প্রার্থী মোহাম্মদ আতাউল্লাকে পরাজিত করেন। ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনে ১ লাখ ৩৩ হাজার ৮১৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন বিএনপির মুশফিকুর রহমান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত ইসলামীর আতাউর রহমান সরকার পেয়েছেন ৮২ হাজার ৪৮০ ভোট।
ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে জয়ী হয়েছেন বিএনপির এম.এ. মান্নান। তার প্রধান প্রতিদ্বন্দ্বী ছিলেন স্বতন্ত্র প্রার্থী কাজী নাজমুল হক তাপস। এদিকে ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনে বিএনপি জোটের প্রার্থী ও গণসংহতি পরিষদের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকী মাথাল প্রতীক নিয়ে বিপুল ভোটে জয়ী হয়েছেন। সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী, সাকী পেয়েছেন ৬২ হাজার ৬৫০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত ইসলামীর মো. মহসিন (দাঁড়িপাল্লা) পেয়েছেন ২১ হাজার ৫ ভোট। তবে এই আসনের ২৭টি কেন্দ্রের ফলাফল তখনো আসাও বাকি ছিল।
তেপান্তরে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
ArrayCopyright © 2026 তেপান্তর | Design & Developed By: ZamZam Graphics