Tepantor

ঢাকা-৮: নাসীরুদ্দীন পাটোয়ারীর তীব্র লড়াই, শেষ হাসি মির্জা আব্বাসের

13 February, 2026 : 9:37 am

তেপান্তর রিপোর্ট:

রাজধানীর অন্যতম ভিআইপি আসন ঢাকা-৮ (মতিঝিল-রমনা) কেন্দ্রে শেষ মুহূর্তের স্নায়ুচাপ ও নাটকীয়তা শেষে জয় পেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। ন্যাশনাল কংগ্রেস অব বাংলাদেশ (এনসিপি) নেতা নাসীরুদ্দীন পাটোয়ারী মাঠ পর্যায়ে তীব্র প্রতিরোধ গড়ে তুললেও শেষ পর্যন্ত ৫ হাজার ২৩৯ ভোটের ব্যবধানে তাকে হার মানতে হয়েছে।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকালে ঢাকার বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা শরফ উদ্দিন আহমেদ চৌধুরী ঘোষিত চূড়ান্ত ফলে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে।

নির্বাচনী পরিসংখ্যানে দেখা যায়, মির্জা আব্বাস সরাসরি ভোটকেন্দ্রে পেয়েছেন ৫৬ হাজার ৫৫২ ভোট। এর সঙ্গে ডাকযোগে আসা ২ হাজার ৮১৪টি পোস্টাল ভোট যোগ হয়ে তার মোট সংগ্রহ দাঁড়িয়েছে ৫৯ হাজার ৩৬৬ ভোট।

অন্যদিকে, এনসিপি প্রার্থী নাসীরুদ্দীন পাটোয়ারী কেন্দ্র থেকে পেয়েছেন ৫১ হাজার ৫৭২ ভোট। তার প্রাপ্ত পোস্টাল ভোটের সংখ্যা ২ হাজার ৫৫৫টি। সব মিলিয়ে ৫৪ হাজার ১২৭ ভোট পেয়ে তিনি রানার-আপ হয়েছেন।

ভোটের দিন সকালে কিছু কেন্দ্রে পোলিং এজেন্ট প্রবেশ নিয়ে উত্তেজনা ও সাময়িক অচলাবস্থা তৈরি হলেও পরবর্তীতে সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। নির্বাচনী বিশ্লেষকরা বলছেন, দীর্ঘ সময় পর ঢাকা-৮ আসনে এমন দ্বিমুখী লড়াই আগে দেখা যায়নি। বিশেষ করে নতুন দল এনসিপির প্রার্থীর এমন শক্ত অবস্থান রাজনৈতিক মহলে আলোচনার জন্ম দিয়েছে।

রিটার্নিং কর্মকর্তার তথ্যমতে, আসনের ১০৯টি কেন্দ্রের মধ্যে ১০৮টিতে সরাসরি ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট বাতিল ও বৈধ ভোটের আনুপাতিক হার বিবেচনায় মির্জা আব্বাসের অভিজ্ঞতাই শেষ পর্যন্ত ব্যবধান গড়ে দিয়েছে।

Tepantor

তেপান্তরে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Array