Tepantor

পুরোনো বন্দোবস্তে আর ফিরবে না বাংলাদেশ: গণভোটের রায় নিয়ে আলী রীয়াজ

14 February, 2026 : 1:16 pm

তেপান্তর রিপোর্ট:

গণভোটের ফলাফল বিশ্লেষণ করে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. আলী রীয়াজ বলেছেন, দেশের মানুষ আর পুরোনো রাজনৈতিক বন্দোবস্তে ফিরে যেতে চায় না। শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন।

ড. আলী রীয়াজ বলেন, বাংলাদেশের নাগরিকরা জুলাই জাতীয় সনদের সংবিধান সংস্কার প্রস্তাবের পক্ষে সুস্পষ্ট ও দ্বিধাহীন রায় দিয়েছেন। এই গণরায় প্রমাণ করে যে, সাধারণ মানুষ বর্তমান স্থিতাবস্থা বজায় রাখার পরিবর্তে রাষ্ট্রব্যবস্থায় আমূল পরিবর্তন ও সংস্কার চায়।

সংবাদ সম্মেলনে তিনি উল্লেখ করেন, এই রায়কে কেবল সংখ্যার হিসেবে দেখলে চলবে না। এটি চব্বিশের জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের অর্পিত দায়িত্বের স্বীকৃতি। গত ১৬ বছরের রক্তস্রোত ও নির্যাতনের পুনরাবৃত্তি রোধে একটি শক্তিশালী প্রাতিষ্ঠানিক কাঠামো গড়ার জনআকাঙ্ক্ষাই এই ভোটের মাধ্যমে প্রকাশিত হয়েছে।

সংস্কার বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোর ভূমিকার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, গণরায়ের এই প্রতিফলন ঘটানোর মূল দায়িত্ব এখন দলগুলোর ওপর। সংসদ ও সংসদের বাইরের সব রাজনৈতিক শক্তিকে আলোচনার মাধ্যমে ঐক্যবদ্ধভাবে এই সংস্কার নিশ্চিত করার আহ্বান জানান তিনি। বিশেষ করে তরুণ সমাজকে আগামীর বাংলাদেশ গড়ায় অগ্রণী ভূমিকা রাখার ডাক দেন ড. রীয়াজ।

গণভোট প্রক্রিয়া নিয়ে গঠনমূলক সমালোচনার জন্য সংশ্লিষ্টদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, জাতীয় ঐক্যমত গঠনের যে ঐতিহ্য তৈরি হয়েছে, তা অক্ষুণ্ন রেখেই সিভিল সোসাইটি ও রাজনৈতিক দলগুলোকে সামনে এগিয়ে যেতে হবে।

Tepantor

তেপান্তরে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।