মোস্তাফিজ চৌধুরী: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন যতোই ঘনিয়ে আসছে ব্রাহ্মণবাড়িয়ায় ততই স্পষ্ট হচ্ছে প্রার্থীদের অবস্থান। জোরেশোরে চলছে প্রচার প্রচারণা। একটি আসনে নৌকা প্রতীকের প্রার্থী থাকলেও সরকারি দলের সমর্থনে ব্রাহ্মণবাড়িয়া ১ ও ২ আসনে এগিয়ে রয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা। ব্রাহ্মণবাড়িয়া জেলার ৬ টি আসনে মোট ৩৪ জন প্রার্থী নির্বাচন করছেন। এর মধ্যে ব্রাহ্মণবাড়িয়া ১ ও ২ আসনে প্রার্থী হয়েছেন মোট ১২ জন। এ দুটি আসনে ২ জন স্বতন্ত্র প্রার্থীর পাল্লা রয়েছে ভারি। প্রতীক পাওয়ার পর থেকে প্রতিবেদকের অনুসন্ধানে উঠে এসেছে এ তথ্য।
ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনকে আওয়ামী লীগের তথা নৌকা প্রতীকের দুর্গ বলা হয়ে থাকে। কিন্তু দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী অনেকটা পরাজিত হওয়ার পথে।
ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনে মোট ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন, আওয়ামী লীগের বদরুদ্দোজা মো. ফরহাদ হোসেন সংগ্রাম (নৌকা), বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মো. ইসলাম উদ্দিন (মোমবাতি), জাতীয় পার্টির মো. শাহনুল করিম (লাঙল), ওয়ার্কার্স পার্টির মো. বকুল হোসেন (হাতুড়ি), এবং স্বতন্ত্র প্রার্থী সৈয়দ এ কে একরামুজ্জামান সুখন (কলার ছড়ি)। পাচজন প্রার্থীর মধ্যে ভোটে নৌকা প্রতীকের বদরুদ্দোজা মো. ফরহাদ হোসেন এবং স্বতন্ত্র প্রার্থী কলার ছড়ি মার্কার সৈয়দ এ কে একরামুজ্জামান সুখন প্রতিদ্বন্দ্বিতায় বাকীদের চেয়ে এগিয়ে রয়েছেন।এখন পর্যন্ত স্বতন্ত্র প্রার্থী বিএনপি চেয়ারপারসনের সাবেক উপদেষ্টা সৈয়দ এ কে একরামুজ্জামান সুখন নির্বাচনে বিজয়ী হওয়ার পথে অনেকটাই এগিয়ে রয়েছেন বলে জানা গেছে।
আওয়ামী লীগ সরকারের পরোক্ষ সমর্থন, স্থানীয় উপজেলা আওয়ামী লীগের একটা বিরাট অংশের প্রত্যক্ষ সম্পৃক্ততা,আওয়ামী লীগের প্রয়াত মন্ত্রী সায়েদুল হকের অনুসারীদের সমর্থন, নাসিরনগর উপজেলা বিএনপির সহযোগিতা, এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের নীরব সহযোগিতায় নির্বাচনে জয় লাভে সুখনকে আওয়ামী লীগের দলীয় প্রার্থী থেকে অনেক এগিয়ে রেখেছে। যার ফলে নাসিরনগরের সাধারণ জনতা স্বতন্ত্র প্রার্থী একরামুজ্জামান সুখন এর বিজয় নিশ্চিত বলেই মনে করছেন।
অপরদিকে বর্তমান সংসদ সদস্য ও আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বদরুদ্দোজা মো. ফরহাদ হোসেন সংগ্রাম প্রয়াত মন্ত্রী সায়েদুল হকের অনুসারীদের দমিয়ে রাখার চেষ্টা করেছেন, গ্রুপিং করেছেন, প্রতিপক্ষকে মামলা দিয়ে দমিয়ে রাখার চেষ্টা করেছেন, স্থানীয় আওয়ামী রাজনীতিতে বিভক্তি চরম পর্যায় নিয়ে গেছেন,প্রতিহিংসার রাজনীতি চর্চা করেছেন এরকম বহু অভিযোগ জনমনে পোক্ত হওয়ায় তিনি ভোটের মাঠ থেকে ক্রমেই ছিটকে পড়ছেন। তাছাড়া, স্থানীয় সাংবাদিককে নির্বাচনের পরে দেখে নেয়ার হুমকি দেয়া,ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের নাম নির্বাচনের পরে মুছে ফেলার হুমকি দিয়েও নির্বাচনের মাঠে বিপাকে পড়েছেন এমপি সংগ্রাম।
নাসিরনগর উপজেলা আওয়ামী লীগের নাম প্রকাশে অনিচ্ছুক এক নেতা বলেন, বিএনপির ইউনিয়ন পর্যায়ের কোন নেতা নাশকতার মামলায় জামিন পাচ্ছে না, সেখানে কেন্দ্রীয় নেতা সুখন এজলাসে দাড়িয়েই জামিন পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন বৈধ ঘোষণা করে নিয়ে এসেছেন। জেলা আওয়ামী লীগের সহযোগিতায় ভিপি হাসান সারোয়ারকে নিয়ে অনেকদিন পর তিনি নাসিরনগর এসেছেন, আপনারা দেখেছেন স্থানীয় আওয়ামী লীগ তাকে কিভাবে গ্রহণ করেছে। এতেই অনেক কিছু স্পষ্ট হয়ে গেছে।
ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) সংসদীয় আসন নবম জাতীয় সংসদ নির্বাচন থেকে আওয়ামী লীগ জোটের হাতে ছেড়ে দিয়েছে। একাদশ জাতীয় সংসদ উপ-নির্বাচনে পঞ্চাশ বছরে প্রথম বারের মতো নৌকা প্রতীক অল্প সময়ের জন্য নির্বাচিত হয়েছে। এবার আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও আওয়ামী লীগ জোটের শরীকদের কাছে আসনটি ছেড়ে দিয়েছে। তবে শরীকদলের যে প্রার্থীর কাছে আসনটি ছেড়ে দেয়া হয়েছে নির্বাচনী মাঠে সে প্রার্থী নিস্প্রভ। শরিক দল তথা জাতীয় পার্টির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী সেক্ষেত্রে নির্বাচনে অনেক এগিয়ে রয়েছেন,সমর্থন পাচ্ছেন সরকারি দল আওয়ামী লীগের। আর তাকে প্রতিদ্বন্দ্বিতা করতে হচ্ছে আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থীর সাথে।
ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের ৭ জন প্রতিদ্বন্দ্বীরা হলেন ইসলামী ঐক্যজোটের আবুল হাসনাত (মিনার), ন্যাশনাল পিপলস পার্টির মো. রাজ্জাক হোসেন (আম), তৃণমূল বিএনপির মাইনুল হাসান (সোনালি আঁশ), জাতীয় পার্টির রেজাউল ইসলাম ভূইয়া (লাঙল), তরিকত ফেডারেশনের সৈয়দ জাফরুল কুদ্দুস (ফুলের মালা),স্বতন্ত্র মো. মঈন উদ্দিন (কলারছড়ি),স্বতন্ত্র অ্যাডভোকেট জিয়াউল হক মৃধা (ঈগল)।
এ আসনে দীর্ঘদিন সংসদ সদস্য ছিলেন প্রয়াত বিএনপি নেতা উকিল সাত্তার ভূইয়া। তার ছেলে মাইনুল হাসান তৃণমূল বিএনপি থেকে সোনালি আশ প্রতীকে প্রার্থী হলেও নির্বাচনে শক্ত অবস্থান তৈরী করতে পারেননি। এক সময়কার আওয়ামী লীগের ঘোর বিরোধী প্রয়াত মুফতি আমিনী’র সন্তান আবুল হাসনাত ইসলামি ঐক্যজোটের মিনার প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করলেও জনসমর্থন আদায় করতে পারেননি।
সরাইল উপজেলা আওয়ামী লীগ তথা সরাইলের সর্বস্তরের জনগণ স্বতন্ত্র প্রার্থী সাবেক এমপি জিয়াউল হক মৃধাকে অকুণ্ঠ সমর্থন দিয়ে যাচ্ছে, যার ফলে ধারণা করা হচ্ছে সরাইল উপজেলায় অন্য প্রার্থী থাকলেও মৃধা তাদের ধরাছোঁয়ার বাইরে চলে গেছে। সরাইল উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান উপজেলা চেয়ারম্যান রফিক ঠাকুর,সরাইল উপজেলা আওয়ামী লীগের আহবায়ক ও সংরক্ষিত নারী আসনের এমপি শিউলি আজাদ,এবং উপজেলা যুবলীগ নেতা আশরাফ উদ্দিন মন্তুর অনুসারীরা সর্বাত্মক ভাবে স্বতন্ত্র প্রার্থী জিয়াউল হক মৃধার ঈগল প্রতীককে বিজয়ী করতে প্রকাশ্যে কাজ করে যাচ্ছে।
অপরদিকে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক মো: মইন উদ্দিন মঈনের বাড়ি আশুগঞ্জ উপজেলায় হলেও আশুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের একটা বড় অংশ জিয়াউল হক মৃধাকে বিজয়ী করতে প্রকাশ্যে কাজ করে যাচ্ছে। আশুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সফিউল্লাহ, আশুগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও প্রভাবশালী আওয়ামী লীগ নেতা হানিফ মুন্সির অনুসারীরা স্বতন্ত্র প্রার্থী জিয়াউল হক মৃধার ঈগল প্রতীককে বিজয়ী করতে কাজ করছে। আশুগঞ্জে গুঞ্জন আছে উপজেলা আওয়ামী লীগ নেতাদের একটাই সংকল্প মইন ঠেকাও,যে কোন মূল্যে মইনউদ্দিন মঈনকে পরাজিত করতে হবে। জেলা আওয়ামী লীগের পক্ষ থেকেও শরিক দলের প্রার্থী লাঙ্গল প্রতীকের রেজাউল ইসলামকে সহযোগিতা না করে জাতীয় পার্টির বিদ্রোহী প্রার্থী রওশন এরশাদ পন্থী জিয়াউল হক মৃধাকে সহযোগিতা করা হচ্ছে। এমনকি নৌকা প্রতীকের বর্তমান এমপি শাহজাহান আলম সাজুও ঈগল প্রতীকের পক্ষে সমর্থন জানিয়েছেন।
কেন্দ্রীয় আওয়ামী লীগ জিয়াউল হক মৃধাকে সমর্থন দিয়েছে বলেও খবর পাওয়া গেছে। কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন আশুগঞ্জের উজান ভাটি হোটেলে সরাইল – আশুগঞ্জের আওয়ামী লীগ নেতাদের জিয়াউল হক মৃধাকে বিজয়ী করে আনার নির্দেশনা দিয়েছেন বলে জানা গেছে। সরাইল উপজেলা আওয়ামী লীগের নাম প্রকাশে অনিচ্ছুক একজন বলেন, জননেত্রী শেখ হাসিনা রওশন এরশাদকে কথা দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে জিয়াউল হক মৃধাকে বিজয়ী করতে আওয়ামী লীগ কাজ করবে। নেত্রীর নির্দেশনা আহমদ হোসেন ভাই আমাদেরকে জানিয়ে গেছেন। আমরা সে অনুযায়ী কাজ করে যাচ্ছি।
বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেনের সাথে যোগাযোগের চেষ্টা করেও যোগাযোগ করা যায়নি।
সামগ্রিক ভাবে এখন পর্যন্ত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সরকারি দলের সমর্থনে ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনে স্বতন্ত্র প্রার্থী এ কে একরামুজ্জামান সুখন কলার ছড়ি প্রতীকে এবং ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনে জিয়াউল হক মৃধা ঈগল প্রতীকে বিজয়ী হওয়ার পথে এগিয়ে রয়েছেন।
তেপান্তরে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Copyright © 2026 তেপান্তর | Design & Developed By: ZamZam Graphics