Tepantor

নির্বাচন সামনে রেখে সারাদেশে যৌথবাহিনীর অভিযান শুরু হচ্ছে: ইসি সানাউল্লাহ

4 January, 2026 : 7:28 pm


নিজস্ব প্রতিবেদক | কক্সবাজার:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও আসন্ন গণভোট-২০২৬ অবাধ ও সুষ্ঠু করতে সারাদেশে ফের যৌথবাহিনীর সাঁড়াশি অভিযান শুরু করার ঘোষণা দিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। রোববার (৪ জানুয়ারি) কক্সবাজারে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এই আগাম বার্তা দেন।

নির্বাচন কমিশনার জানান, আজকের মধ্যেই এ সংক্রান্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পরিপত্র জারি হতে পারে। সশস্ত্র বাহিনীসহ সকল শৃঙ্খলা বাহিনীর প্রধানদের সঙ্গে আলোচনার ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ইসি সানাউল্লাহ অভিযানের তিনটি মূল লক্ষ্য নির্ধারণ করেন:
১. নির্বাচনের আগে অবৈধ অস্ত্রের সরবরাহ বন্ধে দেশব্যাপী উদ্ধার অভিযান।
২. চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা।
৩. প্রার্থী ও দলগুলোর জন্য নির্ধারিত নির্বাচনী আচরণবিধির বড় ধরনের লঙ্ঘন কঠোরভাবে দমন করা।

রোহিঙ্গা শিবিরের নিরাপত্তা নিয়ে বিশেষ নির্দেশনা দিয়ে তিনি বলেন, অপরাধী ও দুষ্কৃতিকারীরা যেন ক্যাম্প বা সীমান্ত এলাকা ব্যবহার করতে না পারে, সেজন্য ক্যাম্পগুলো সিল করে দেওয়াসহ স্থল ও জলপথে নজরদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। ছোটখাটো আচরণবিধি লঙ্ঘনের ঘটনা রুটিন কমিটি দেখলেও বড় অপরাধগুলো সরাসরি যৌথবাহিনী মোকাবিলা করবে বলে তিনি সতর্ক করেন।

Tepantor

তেপান্তরে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Array