Tepantor

বিল্ডিং কোড উপেক্ষা করে উচ্চ ভবন: ভয়াবহ দুর্যোগের ঝুঁকিতে ব্রাহ্মণবাড়িয়া

17 January, 2026 : 5:12 pm

তেপান্তর রিপোর্ট:

পৌর প্রশাসনের নিষেধাজ্ঞা ও নকশা তোয়াক্কা না করেই ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরে গড়ে উঠছে একের পর এক অনিয়ন্ত্রিত উচ্চ ভবন। জাতীয় বিল্ডিং কোড (বিএনবিসি) উপেক্ষা করে নির্মিত এসব বহুতল ভবন শহরটিকে ভয়াবহ ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের ঝুঁকিতে ফেলছে। অভিযোগ উঠেছে, প্রভাবশালী মহলের দাপটে পৌরসভার আইনি তৎপরতাও থমকে আছে।

সরেজমিনে দেখা গেছে, জেলা শহরের বিভিন্ন এলাকায় নিয়মবহির্ভূতভাবে একাধিক ১০ তলা বাণিজ্যিক ভবন নির্মাণ করা হচ্ছে। এসব ক্ষেত্রে পর্যাপ্ত খোলা জায়গা ছাড় দেওয়া কিংবা অগ্নিনির্বাপণ ব্যবস্থার কোনো বালাই নেই। গ্যাসসমৃদ্ধ ভূগর্ভস্থ গঠন ও মাটির সংবেদনশীলতার কারণে এই অঞ্চলটি এমনিতেই ভূমিকম্পপ্রবণ, তার ওপর অপরিকল্পিত নগরায়ণ বিপদ আরও বাড়িয়ে দিচ্ছে।

পৌরসভার প্রধান প্রকৌশলী কাওসার আহমেদ স্বীকার করেছেন যে, ১০ তলা বিশিষ্ট কোনো ভবনের অনুমোদন সম্প্রতি দেওয়া হয়নি। তিনি বলেন, “আমাদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা না থাকায় সরাসরি অভিযান চালানো কঠিন হচ্ছে। আমরা কাজ বন্ধের নোটিশ দিলেও প্রভাবশালীরা তা মানছে না।”

পরিবেশবিদদের মতে, জলাধার ভরাট ও ড্রেনেজ ব্যবস্থা ধ্বংস করে তোলা এসব ভবনের কারণে শহরে বায়ুপ্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে এবং কৃত্রিম জলাবদ্ধতা তৈরি হচ্ছে। এখনই রাশ না টানলে ভবিষ্যতে ছোটখাটো কম্পনেই বড় ধরনের মানবিক বিপর্যয়ের মুখে পড়বে এই জনপদ।

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান জানিয়েছেন, ছয় তলার বেশি ভবন নির্মাণ নিয়ন্ত্রণে কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে। পৌরসভার কর্মকর্তাদের সাথে সমন্বয় করে খুব শীঘ্রই ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অবৈধ স্থাপনা উচ্ছেদে নামবে জেলা প্রশাসন।

Tepantor

তেপান্তরে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Array