Tepantor

জাতীয় নিরাপদ খাদ্য দিবস আজ: প্লেটে বিষ, বাড়ছে অসংক্রামক রোগের ঝুঁকি

2 February, 2026 : 8:10 am

তেপান্তর রিপোর্ট:

‘খাদ্য নিশ্চিত করি সুস্থ সবল জীবন গড়ি’—এই প্রতিপাদ্য সামনে রেখে আজ সোমবার (২ ফেব্রুয়ারি) দেশজুড়ে পালিত হচ্ছে জাতীয় নিরাপদ খাদ্য দিবস-২০২৬। তবে দিবসের আনুষ্ঠানিকতা ছাপিয়ে জনমনে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে দৈনন্দিন খাবারের নিরাপত্তা। বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, পুষ্টিকর খাবারের বদলে দেশের মানুষ প্রতিদিন অজান্তেই গ্রহণ করছে ক্ষতিকর ‘ট্রান্সফ্যাট’ ও ‘স্নায়ু বিষ’ হিসেবে পরিচিত রাসায়নিক উপাদান।

বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের (বিএফএসএ) তথ্যমতে, ২০১৮ সাল থেকে দিবসটি পালিত হয়ে আসলেও বাজারে নিরাপদ খাদ্যের সরবরাহ নিশ্চিত করা এখনো বড় চ্যালেঞ্জ। বিশেষ করে বেকারি পণ্য, হোটেল-রেস্তোরাঁর খাবার এবং প্রক্রিয়াজাত খাদ্যে ব্যবহৃত ডালডা বা বনস্পতি ঘি থেকে আসা ট্রান্সফ্যাট হৃদরোগের ঝুঁকি কয়েকগুণ বাড়িয়ে দিচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, ট্রান্সফ্যাটঘটিত হৃদরোগে মৃত্যুর উচ্চ ঝুঁকিতে থাকা ১৫টি দেশের তালিকায় রয়েছে বাংলাদেশ। দেশে হৃদরোগজনিত মোট মৃত্যুর ৪ দশমিক ৪১ শতাংশের জন্যই দায়ী এই ক্ষতিকর চর্বি।

হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মো. আফজালুর রহমান জানান, ট্রান্সফ্যাট রক্তে ক্ষতিকর কোলেস্টেরলের মাত্রা বাড়িয়ে দেয়, যা সরাসরি হৃদরোগের কারণ। বছরে দেশে প্রায় তিন লাখ মানুষ হৃদরোগে মারা যান, যার একটি বড় অংশ এই খাদ্যাভ্যাসের সাথে জড়িত।

এদিকে, ফাস্টফুড ও প্রক্রিয়াজাত খাবারে স্বাদের জন্য ব্যবহৃত টেস্টিং সল্ট বা মনোসোডিয়াম গ্লুটামেটকে ‘স্নায়ু বিষ’ হিসেবে অভিহিত করছেন পুষ্টিবিদরা। ন্যাশনাল ফুড সেফটি ল্যাবরেটরির সাম্প্রতিক সমীক্ষায় দেখা গেছে, বাজারে প্রচলিত আলুর চিপস, নুডলস ও পপকর্নের মতো ৫৫টি পণ্যে অতিমাত্রায় টেস্টিং সল্ট রয়েছে। দীর্ঘমেয়াদে যা কিডনি বিকলসহ জটিল রোগের সৃষ্টি করে।

নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান জাকারিয়া খাবারের মান নিয়ন্ত্রণে সীমাবদ্ধতার কথা স্বীকার করে জানান, ট্রান্সফ্যাট নিয়ন্ত্রণ একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। তিনি বলেন, “আমরা মনিটরিং ও জনসচেতনতা বাড়াতে কাজ করছি। তবে শুধু আইন দিয়ে নয়, উৎপাদক ও ভোক্তা উভয় পক্ষকে সচেতন হতে হবে।”

গবেষণা ও অ্যাডভোকেসি প্রতিষ্ঠান ‘প্রজ্ঞা’র নির্বাহী পরিচালক এবিএম জুবায়ের বলেন, ট্রান্সফ্যাটের প্রধান উৎস হলো পিএইচও বা ডালডা। বিএফএসএ মোট ফ্যাটের ২ শতাংশের সীমা নির্ধারণ করে প্রবিধানমালা করলেও মাঠ পর্যায়ে এর বাস্তবায়ন এখনো প্রশ্নবিদ্ধ। অন্যদিকে, সেন্টার ফর ল অ্যান্ড পলিসি অ্যাফেয়ার্সের গবেষণায় দেখা গেছে, অধিকাংশ মোড়কজাত খাদ্যে স্বাস্থ্য সংক্রান্ত সতর্কবার্তা নেই, বরং চটকদার বিজ্ঞাপনের মাধ্যমে ভোক্তাদের আকৃষ্ট করা হচ্ছে।

জাতীয় নিরাপদ খাদ্য দিবস উপলক্ষে আজ বিএফএসএ আলোচনা সভার আয়োজন করেছে। তবে স্বাস্থ্য বিশেষজ্ঞরা মনে করেন, শুধুমাত্র দিবস পালন বা আলোচনা সভায় সীমাবদ্ধ না থেকে আইনি কাঠামো শক্তিশালী করা এবং বাজার তদারকিতে কঠোর পদক্ষেপ নেওয়া জরুরি।

Tepantor

তেপান্তরে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।