তেপান্তর রিপোর্ট:
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে মাঠপর্যায়ে নির্বাচনী সরঞ্জাম পাঠানো শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। গত রবি ও সোমবার দুই দফায় দেশের ২১টি জেলায় আসনভিত্তিক প্রার্থীদের নাম ও প্রতীক সংবলিত ব্যালট পেপার পাঠানো হয়েছে।
ইসি সচিবালয় সূত্রে জানা গেছে, প্রথম দফায় রবিবার মেহেরপুর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, বাগেরহাট, মৌলভীবাজার, দিনাজপুর, পঞ্চগড়, লালমনিরহাট, লক্ষ্মীপুর এবং পার্বত্য তিন জেলা—বান্দরবান, খাগড়াছড়ি ও রাঙামাটিতে ব্যালট পাঠানো হয়। দ্বিতীয় দফায় সোমবার হবিগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ, গাজীপুর, মুন্সীগঞ্জ, বরিশাল, পটুয়াখালী, পিরোজপুর ও বরগুনায় এসব সামগ্রী পৌঁছানো হয়েছে।
রাজধানীর আগারগাঁওয়ের সরকারি প্রেস থেকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে জেলা রিটার্নিং কর্মকর্তাদের কার্যালয়ে এসব ব্যালট পেপার নিয়ে যাওয়া হচ্ছে। ইসি জানিয়েছে, এবার সংসদ নির্বাচন ও গণভোটের জন্য মোট ২৬ কোটি ব্যালট পেপার ছাপানো হচ্ছে, যার পেছনে ব্যয় ধরা হয়েছে প্রায় ৪০ কোটি টাকা।
তফসিল অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে। ব্যালট পেপারগুলো বর্তমানে রিটার্নিং কর্মকর্তাদের তত্ত্বাবধানে কঠোর নিরাপত্তায় সংরক্ষিত আছে। ভোটের আগের দিন এগুলো প্রতিটি ভোটকেন্দ্রে পৌঁছে দেওয়া হবে।
এদিকে, নির্বাচনের সুষ্ঠু পরিবেশ ও নিরাপত্তা নিশ্চিতে সারাদেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মোতায়েন কার্যক্রম শুরু হয়েছে বলে নিশ্চিত করেছে কমিশন।
তেপান্তরে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
ArrayCopyright © 2026 তেপান্তর | Design & Developed By: ZamZam Graphics