Tepantor

কসবায় প্রার্থীর পক্ষে প্রচারণা: ২ সরকারি কর্মকর্তাকে শোকজ

5 February, 2026 : 3:50 pm

তেপান্তর রিপোর্ট:

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় সরকারি চাকুরিজীবী হয়েও নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ার অভিযোগে দুই স্বাস্থ্য কর্মকর্তাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে। আগামী শনিবার (০৭ ফেব্রুয়ারি) তাদের সশরীরে হাজির হয়ে লিখিত জবাব দেওয়ার নির্দেশ দিয়েছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি।

অভিযুক্ত দুই কর্মকর্তা হলেন— বাদৈর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের সহকারী কমিউনিটি চিকিৎসা কর্মকর্তা মো. জিয়ার হোসাইন এবং একই ইউনিয়নের সহকারী স্বাস্থ্য পরিদর্শক মো. মনির হোসেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে ওই দুই কর্মকর্তা সরাসরি প্রচারণায় অংশ নেন। এ ঘটনায় আব্দুল হালিম নামে এক স্থানীয় বাসিন্দা গত ২ ফেব্রুয়ারি সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে ছবিসহ লিখিত অভিযোগ দাখিল করেন।

নির্বাচনী অনুসন্ধান কমিটির নোটিশে বলা হয়েছে, অভিযোগের সাথে যুক্ত ছবি পর্যালোচনায় সরকারি কর্মকর্তাদের প্রচারণায় অংশ নেওয়ার বিষয়টি প্রাথমিকভাবে সত্য বলে প্রমাণিত হয়েছে। এটি রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধির স্পষ্ট লঙ্ঘন। আগামী শনিবার বেলা সাড়ে ১২টায় অনুসন্ধান কমিটির কার্যালয়ে হাজির হয়ে তাদের আচরণের ব্যাখ্যা দিতে বলা হয়েছে। নির্ধারিত সময়ে উপস্থিত না হলে আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে একতরফা শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করা হয়েছে।

Tepantor

তেপান্তরে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Array