Tepantor

ব্রাহ্মণবাড়িয়ায় নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন, সতর্ক অবস্থানে জেলা প্রশাসন

9 February, 2026 : 5:00 pm

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়া জেলায় সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান। রোববার (৮ ফেব্রুয়ারি) সকালে জেলা প্রশাসনের মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় তিনি এ তথ্য নিশ্চিত করেন।

জেলা প্রশাসক জানান, ভোটারদের নিরাপত্তা ও সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে জেলার প্রতিটি কেন্দ্রে পুলিশ, বিজিবি, সেনাবাহিনী ও আনসার সদস্যদের সমন্বয়ে বহুমুখী নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে। বর্তমান নির্বাচনী পরিস্থিতি সন্তোষজনক উল্লেখ করে তিনি বলেন, রাজনৈতিক দল ও সাধারণ মানুষের সহযোগিতা অব্যাহত থাকলে একটি সুন্দর নির্বাচন উপহার দেওয়া সম্ভব হবে।

নির্বাচনে সম্ভাব্য বিঘ্ন সৃষ্টিকারীদের বিষয়ে কঠোর হুঁশিয়ারি দিয়ে শারমিন আক্তার জাহান বলেন, “কিছু চিহ্নিত সন্ত্রাসী কারাগার থেকে বের হওয়ার চেষ্টা করছে। কেউ যাতে অনিয়ম বা জালিয়াতির মাধ্যমে জামিন নিয়ে নির্বাচনী পরিবেশ নষ্ট করতে না পারে, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সজাগ থাকতে হবে।”

অতিরিক্ত জেলা প্রশাসক তাহমিনা আক্তারের সঞ্চালনায় সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার শাহ মো. আব্দুর রউফ, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. শরিফুল ইসলাম, জেলা সিভিল সার্জন ডা. মো. নোমান মিয়া এবং জেলা বিএনপি ও জামায়াতের শীর্ষ নেতৃবৃন্দসহ বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা।

নির্বাচনের পাশাপাশি শহরের টাউন খাল উদ্ধার ও যানজট নিরসনেও বিশেষ পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানান জেলা প্রশাসক। নির্বাচনের পরপরই পৌরসভার যানজট নিরসনে দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হবে বলেও তিনি প্রতিশ্রুতি দেন।

Tepantor

তেপান্তরে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Array