তেপান্তর রিপোর্ট:
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে একটি মাছের খামারের পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় দুই লাখ টাকার মাছ নিধনের অভিযোগ উঠেছে। ৬ আগষ্ট রাত ১২টায় আমতলি উত্তর বাজারে জনৈক মফিজুল মৃধার লিজকৃত পুকুরে এই ঘটনা ঘটে। এই অভিযোগে বিজয়নগর থানায় দুইজনের নাম উল্লেখ্য করে ও অজ্ঞাতনামা আরও ২/১ জনকে আসামি করে লিখিত এজাহার দায়ের করেছেন ভুক্তভোগী খামারি কাজী মানিক মিয়া। তিনি আলাদাউদপুরের মজিদ কাজীর ছেলে।
আর আসামীরা হলেন, উপজেলার সাতগাও গ্রামের আজিজুল মৃধার ছেলে পাবেল মৃধা (২২) ও কাইয়ুম মৃধার ছেলে মিলন মৃধা (৩৫)। মিলন সাবেক ছাত্রদল নেতা ও কয়েকদিন পূর্বে তিনি ধর্ষণ চেষ্টা মামলায় হাজত খেটেছেন বলে জানা গেছে।
এজাহারে অভিযোগ করা হয়, দীর্ঘদিন ধরে অভিযুক্তদের সঙ্গে নানা বিষয় ও পুকুরকে কেন্দ্র করে বিরোধ চলছিল। এরই ধারাবাহিকতায় ঘটনার আগের দিন রাতে অভিযুক্তরা এক সাক্ষীর সামনে ভুক্তভোগীকে জানিয়ে দেয় যে, তিনি যে পুকুরে মাছ চাষ করছেন সেখানে বিষ প্রয়োগ করা হবে।
অভিযোগে আরও বলা হয়, ঘটনার দিন গভীর রাতে অভিযুক্তরা পুকুরে বিষ প্রয়োগ করে। পরদিন সকালে পুকুরে গিয়ে ভুক্তভোগী দেখতে পান, বিভিন্ন প্রজাতির মাছ পানির ওপর ভেসে উঠেছে এবং পুকুরের পানি দূষিত হয়ে গেছে। ঘটনাস্থলে বিষের বোতলও পড়ে থাকতে দেখা যায় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
ভুক্তভোগীর দাবি, বিষ প্রয়োগের কারণে রুই, কাতলা, মৃগেল, সিলভার কার্পসহ বিভিন্ন প্রজাতির মাছ মারা যায়। এতে তার প্রায় দুই লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে।
এ ঘটনায় কাজী মানিক মিয়া বিজয়নগর থানায় দুইজনকে আসামি করে মামলা দায়ের করেন। মামলায় কয়েকজন প্রত্যক্ষদর্শী ও স্থানীয় ব্যক্তিকে সাক্ষী হিসেবে উল্লেখ করা হয়েছে।
এ বিষয়ে বিজয়নগর থানার দায়িত্বশীল সূত্র জানায়, অভিযোগ গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তেপান্তরে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Copyright © 2026 তেপান্তর | Design & Developed By: ZamZam Graphics