Tepantor

আমের পাল্প ছাড়াই তৈরি হচ্ছিল ‘ম্যাংগো জুস’, ব্রাহ্মণবাড়িয়ায় কারখানাকে ২ লাখ টাকা জরিমানা

20 November, 2026 : 4:44 pm

তেপান্তর রিপোর্ট:

ব্রাহ্মণবাড়িয়ায় অনুমোদনহীন ও ভেজাল শিশুখাদ্য তৈরির দায়ে ‘আলী স্টোর’ নামের একটি প্রতিষ্ঠানকে দুই লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। জরিমানা অনাদায়ে কারখানা মালিককে দুই মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। এ সময় প্রায় ৫০০ কেজি অনিরাপদ খাদ্যপণ্য ও কাঁচামাল জব্দ করে ধ্বংস করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুরে সদর উপজেলার কালিসীমা এলাকায় এ অভিযান চালানো হয়। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শরীফুল ইসলামের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে আলী স্টোর ও এর পেছনে থাকা কারখানায় নানা অনিয়মের চিত্র উঠে আসে।

অভিযান চলাকালে কারখানাটিতে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ ছাড়াই বিপুল পরিমাণ চিপস, আইসক্রিম ও আইস জুস পাওয়া যায়। এ ছাড়া বিভিন্ন নামী প্রতিষ্ঠানের নাম নকল করে তৈরি মোড়কে আইস ললি ও জুস প্যাকেটজাত করা হচ্ছিল। বিস্ময়কর তথ্য হলো, কারখানায় তৈরি নকল ‘ফ্রুটো ম্যাংগো জুস’-এ আমের কোনো পাল্পই পাওয়া যায়নি। পাশাপাশি লেবেলবিহীন কৃত্রিম রং, ফ্লেভার এবং খাবারে ব্যবহারের অনুপযোগী শিল্প লবণ মজুত রাখার প্রমাণ পায় ভ্রাম্যমাণ আদালত।

প্রয়োজনীয় নিবন্ধন ছাড়াই এসব খাদ্যপণ্য উৎপাদন ও সংরক্ষণের দায় স্বীকার করেন কারখানার মালিক মো. জুবাইদ প্রকাশ অমিত। পরে ‘নিরাপদ খাদ্য আইন, ২০১৩’-এর ৩২(গ) ও ৩৯ ধারায় তাকে দুই লাখ টাকা অর্থদণ্ড ও অনাদায়ে দুই মাসের কারাদণ্ড প্রদান করা হয়। একই সঙ্গে জব্দকৃত প্রায় ৫০০ কেজি ভেজাল পণ্য জনসম্মুখে ধ্বংস করা হয়।

অভিযানে ব্রাহ্মণবাড়িয়ার নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. আসিফুর রহমানসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মীরা উপস্থিত ছিলেন। অভিযান শেষে প্রতিষ্ঠানটিকে সরকারি বিধিবিধান মেনে নিরাপদ খাদ্য উৎপাদনের কঠোর নির্দেশনা দেওয়া হয় এবং স্থানীয় বাসিন্দাদের ভেজাল খাদ্য সম্পর্কে সচেতন করা হয়।

 

Tepantor

তেপান্তরে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।