Tepantor

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকের ধাক্কায় অটোরিকশার যাত্রী নিহত

21 November, 2026 : 11:33 am

তেপান্তর রিপোর্ট:

ব্রাহ্মণবাড়িয়ার কুমিল্লা-সিলেট মহাসড়কের রামরাইল এলাকায় ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশা থেকে ছিটকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মো. আরাফাত মোল্লা (১৯) নামে এক যুবক নিহত হয়েছেন।

শুক্রবার (২০ নভেম্বর) রাত ৮টার দিকে সদর উপজেলার রামরাইল ইউনিয়নের রামরাইল বাসস্ট্যান্ড বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আরাফাত মোল্লা ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের পাইকপাড়া গ্রামের মোল্লা বাড়ির মো. আসাদ মোল্লার ছেলে।

হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, আরাফাত সারের বস্তা নিয়ে ব্যাটারিচালিত অটোরিকশায় করে বাসুদেবের দিকে যাচ্ছিলেন। পথে রামরাইল বাসস্ট্যান্ড বাজার এলাকায় পৌঁছালে শহরমুখী একটি ট্রাক অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে তিনি অটোরিকশা থেকে সড়কে ছিটকে পড়েন। এ সময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

খাটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালীম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সড়ক দুর্ঘটনায় এক যুবক নিহত হয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয় এবং দুর্ঘটনায় জড়িত ট্রাকটি আটক করা হয়েছে। নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় তাঁদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Tepantor

তেপান্তরে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।