Tepantor

অর্থমন্ত্রীর সংযত বাজেট!

11 June, 2022 : 2:07 pm

মোস্তাফিজ চৌধুরী: যুদ্ধের ডামাডোলে এবং করোনা অতিমারির অভিঘাতে দেশের অর্থনীতিতে স্থিতিশীলতা বজায় রাখতে গত বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২২-২৩ অর্থবছরের জন্য সংযত ও অতি সতর্ক বাজেট ঘোষণা করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ও করোনা মহামারীর ছোবলে দেশের অর্থনীতি একটি সংকটময় সময় অতিবাহিত করছে। আর দেশের সংকটপূর্ণ সমস্যার মূল মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে বাজেটে গুরুত্ব দিয়েছেন অর্থমন্ত্রী। প্রস্তাবিত বাজেটে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে মূল কৌশল হিসেবে চাহিদার প্রবৃদ্ধি কমানোর উপর গুরুত্ব দেয়া হয়েছে। তাছাড়া মহামারির কারণে ক্ষতিগ্রস্ত শিল্প খাতে সরকার কর্তৃক ঘোষিত প্রণোদনা প্যাকেজের কার্যক্রম এই বছরই শেষ করার কথা বলা হয়েছে, এবং সঞ্চয়পত্রে ঋণের পরিমাণ কমিয়ে ব্যাংক থেকে অত্যধিক মাত্রায় ঋণের টার্গেট নির্ধারণ করা হয়েছে। জ্বালানি ও সারে ভর্তুকি বাড়িয়ে উৎপাদন সংশ্লিষ্ট পণ্যের প্রভাব সামাল দেয়ার চেষ্টা করছে।

এসবের মাধ্যমে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণকেই অগ্রাধিকার দেয়া হচ্ছে বলে স্পষ্ট করেছেন অর্থমন্ত্রী। তিনি বলেছেন, “আগামী অর্থবছরে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সরকারের মূল কৌশল হবে বিদ্যমান চাহিদার প্রবৃদ্ধি কমিয়ে সরবরাহ বাড়ানো। ” প্রস্তাবিত বাজেটে তুলনামূলকভাবে সীমিত সরকারি আয়-ব্যয় ব্যবস্থার মধ্য দিয়ে এগিয়ে যাওয়ার ইঙ্গিত দেয়া হয়েছে। বাজেটে দেশের জিডিপির অংশ হিসেবে আগামী বছরে সরকারি ব্যয় কমবে, বর্তমানে যেটি ৭ দশমিক ৬ বলা হচ্ছে সেটি নেমে ৬ দশমিক ৭ এ আসবে।

আগামী বছর সামগ্রিকভাবে বিনিয়োগ জিডিপির অংশ হিসেবে সাড়ে ৩১ শতাংশ, যা চলমান অর্থবছরের চেয়ে কম। আর সরকারের ব্যয় আয়ের তুলনায় কিছুটা বেড়ে যাবে, আয়কে ৯ দশমিক ৭ শতাংশ জিডিপির অংশ হিসেবে স্থির করা হয়েছে, যার মানে আয় জিডিপির অংশ হিসেবে বাড়ছে না কিন্তু ব্যয় বাড়ছে। আর ব্যয় বৃদ্ধি উন্নয়ন ব্যয় নয়,পরিচালন ব্যয়।

ঘোষিত বাজেটে ঘাটতি সামাল দিতে অর্থমন্ত্রী সংযত ও অতি সতর্ক অর্থায়ন প্রকল্প গ্রহণ করেছেন। প্রস্তাবিত বাজেটে মোট ঘাটতি ধরা হয়েছে ২ লাখ ৪৫ হাজার ৬৪ কোটি টাকা, আর এই ঘাটতি মোকাবিলায় ১ লাখ ৬ হাজার ৩৩৪ কোটি টাকা ব্যাংকিং খাত থেকে অর্থায়নের কথা বলা হচ্ছে। চলমান অর্থবছরের বাজেটে ব্যাংক খাত থেকে ঋণ গ্রহণের লক্ষ্য ধরা হয়েছিল ৭৬ হাজার ৪৫২ কোটি টাকা, আর ২০২২-২৩ অর্থবছরে ব্যাংক থেকে সরকারের ঋণগ্রহণ বাড়বে ২৯ হাজার ৮৮২ কোটি টাকা। বাজেট ঘাটতি মেটানোর সরকারের ঋণ গ্রহণের দুটি উৎসের মধ্যে বৈদেশিক খাত থেকে এবার ঋণের হার কমিয়ে দেয়া হয়েছে, কারণ ডলারের বিপরীতে টাকার দাম কমায় অর্থমন্ত্রী বৈদেশিক ঋণ গ্রহণে কিছুটা সতর্ক থাকতে চাচ্ছেন,বাজেট সহায়তা হিসেবে স্বল্পমেয়াদী এসব বৈদেশিক ঋণ অনেক শর্তযুক্ত। এবং অভ্যন্তরীণ উৎসের মধ্যে সরকারের ঋণ গ্রহণের আরেকটি বড় খাত হচ্ছে সঞ্চয়পত্র,তবে মূল্যস্ফীতির ব্যাপারে চিন্তা করে অতিরিক্ত সতর্কতার কারণে নতুন বাজেটে এই খাত থেকে ঋণ কমানো হয়েছে।

প্রস্তাবিত বাজেটে সামাজিক সুরক্ষা কার্যক্রমের আওতায় মা ও শিশু সহায়তা কর্মসূচিকে সর্বোত্তম বিনিয়োগ হিসেবে বিবেচনায় নিয়ে অর্থ বরাদ্দ করা হয়েছে। এ কর্মসূচিতে চলমান অর্থবছরে সুবিধাভোগীর সংখ্যা ছিল ১০ লাখ ৪৫ হাজার,যা বাড়িয়ে আগামী অর্থবছরে ১২ লাখ ৫৪ হাজারে উন্নীত করা হয়েছে। অর্থাৎ সুবিধাভোগীর সংখ্যা বাড়ছে ২ লাখ ৯ হাজার। মা ও শিশু সহায়তা কর্মসূচি সম্পর্কে অর্থমন্ত্রী বলেন, আমরা গ্রামীণ এলাকার দরিদ্র গর্ভবতী মায়ের জন্য বিদ্যমান মাতৃত্বকালীন ভাতা এবং শহর অঞ্চলের কম আয়ের কর্মজীবী মায়েদের জন্য ল্যাকটেটিং ভাতা এ কর্মসূচি দুটিকে সমন্বিত করে ‘মা ও শিশু সহায়তা কর্মসূচি’ নামে বাস্তবায়ন শুরু করছি। এ কার্যক্রম জীবনচক্রভিত্তিক সামাজিক নিরাপত্তা কাঠামোর আওতায় মাতৃগর্ভ থেকে শুরু করে শিশুর জীবনের প্রথম গুরুত্বপূর্ণ ১ হাজার দিনসহ চার বছর বয়স পর্যন্ত শিশুর পুষ্টি চাহিদা পূরণ,শারীরিক বৃদ্ধি ও মানসিক বিকাশে সাহায্য করবে।

বাজেটে যেসব অর্থনৈতিক কার্যক্রম অপ্রয়োজনীয় করের আওতার বাইরে ছিল সেসব খাতকে করের আওতায় নিয়ে আসা হয়েছে। বাজেটে কর্পোরেট কর কমানো হয়েছে, এবং প্রতিবন্ধীদের কাজ দিলে কর ছাড়ের কথা বলা হয়েছে।

কৃষি ক্ষেত্রে তথা কৃষি, খাদ্য এবং মৎস ও প্রাণিসম্পদ উন্নয়নে রেকর্ড বরাদ্দ রাখা হয়েছে। অর্থমন্ত্রী বলেন, সবার জন্য নিরাপদ, পর্যাপ্ত ও মানসম্মত প্রাণিজ আমিষ নিশ্চিতকরণ সরকারের একটি অন্যতম লক্ষ্য। বাংলাদেশ মাছ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জনে সক্ষম হয়েছে। সরকারের মৎস্যবান্ধব কর্মসূচি বাস্তবায়ন এবং চাষি ও উদ্যোক্তা পর্যায়ে চাহিদাভিত্তিক ও লাগসই কারিগরি পরিষেবা প্রদানের ফলে ২০২০-২১ অর্থবছরে মাছ উৎপাদন হয়েছে ৪৬ দশমিক ২১ লাখ টন, যা ২০০৯-১০ সালের মোট উৎপাদনের চেয়ে ৫৯ দশমিক ৪০ শতাংশ বেশি।

এ ছাড়া স্বাস্থ্য খাতের উল্লেখযোগ্য বরাদ্দ বাড়ানোর প্রস্তাব করেন অর্থমন্ত্রী আ হ ম মানুষের মুস্তফা কামাল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে অর্থমন্ত্রী বলেন, ‘স্বাধীন বাংলাদেশের ৫১তম বাজেটের মূল স্লোগান কভিডের অভিঘাত কাটিয়ে উন্নয়নের ধারাবাহিকতায় প্রত্যাবর্তন। যেখানে মূল লক্ষ্য সক্ষমতার উন্নয়ন। বৈশ্বিক ঝুঁকি কাটিয়ে অর্থনীতির স্থিতিশীলতার সঙ্গে জনজীবনে স্বস্তি ফেরানোই এবারের বাজেটের মূল লক্ষ্য। গত অর্থবছরে (২০১১-২১) স্বাস্থ্য খাতের জন্য ৩২ হাজার ৭৩১ কোটি টাকা বরাদ্দ ছিল। এবার ২০২২-২৩ অর্থবছরে প্রস্তাবিত বাজেটে বরাদ্দ হয়েছে ৩৬ হাজার ৮৬৩ কোটি টাকা। সে হিসেবে স্বাস্থ্য মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ বেড়েছে ৪ হাজার ১৩২ কোটি টাকা।’ সংশ্লিষ্টদের মতে, আগের কয়েকটি নিয়োগের অর্থবছরে স্বাস্থ্য খাতের জন্য মোট বাজেটের ৬ শতাংশের নিচে বরাদ্দ দিলেও করোনা মহামারিকালে ২০২০-২১ ও ২০২১-২২ অর্থবছরে সেই বরাদ্দ উল্লেখযোগ্য হারে বাড়ানো হয়েছে।

একনজরে ২০২২-২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেটঃ

বাজেট পরিসংখ্যান : আগামী অর্থবছরের বাজেটে মোট ব্যয় ধরা হয়েছে ৬ লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকা, যা চলতি অর্থবছরের চেয়ে ৭৪ হাজার ৩৮৩ কোটি টাকা বেশি। মোট আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৪ লাখ ৩৩ হাজার কোটি টাকা, যা চলতি অর্থবছরের চেয়ে ৪৪ হাজার কোটি টাকা বেশি। বাজেটে পরিচালন বা আবর্তক ব্যয় ধরা হয়েছে ৩ লাখ ৭৩ হাজার ২৪২ কোটি টাকা। উন্নয়ন ব্যয় ধরা হয়েছে ২ লাখ ৫৯ হাজার ৬১৭ কোটি টাকা। এর মধ্যে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) ২ লাখ ৪৬ হাজার ৬৬ কোটি টাকা।

বাজেটের আয় : বাজেটের মোট আয় ধরা হয়েছে ৪ লাখ ৩৩ হাজার কোটি টাকা। বরাবরের মতো প্রধান আয়ের খাত হিসেবে এনবিআরের লক্ষ্যমাত্রা ৩ লাখ ৭০ হাজার কোটি টাকা, যা চলতি অর্থবছরের চেয়ে ৪০ হাজার কোটি টাকা বেশি। এনবিআর-বহির্ভূত রাজস্ব আয় ধরা হয়েছে ১৮ হাজার কোটি টাকা। রাজস্ববহির্ভূত আয় ধরা হয়েছে ৪৫ হাজার কোটি টাকা।

ঘাটতি অর্থায়ন : প্রস্তাবিত ২০২২-২৩ অর্থবছরে বাজেট ঘাটতি ধরা হয়েছে ২ লাখ ৪৫ হাজার ৬৪ কোটি টাকা, যা জিডিপির ৫ দশমিক ৫ শতাংশ। আর চলতি অর্থবছরের চেয়ে ৩০ হাজার ৩৮৩ কোটি টাকা বেশি। বাজেটে প্রয়োজনীয় অর্থ সংস্থানের জন্য বৈদেশিক উৎস থেকে (অনুদানসহ) পাওয়া যাবে ১ লাখ ১২ হাজার ৪৫৮ কোটি টাকা। অভ্যন্তরীণ উৎস থেকে নেওয়া হবে ১ লাখ ৪৬ হাজার ৩৩৫ কোটি টাকা। এর মধ্যে ব্যাংক খাত থেকে ১ লাখ ৬ হাজার ৩৩৪ কোটি টাকা নেওয়ার প্রস্তাব করা হয়েছে। ব্যাংকবহির্ভূত ঋণ ৪০ হাজার ১ কোটি ও সঞ্চয়পত্র থেকে ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩৫ হাজার কোটি টাকা। অন্যান্য খাত থেকে নেওয়া হবে ৫ হাজার ১ কোটি টাকা।

জিডিপির আকার : আগামী অর্থবছরের জন্য জিডিপির আকার প্রাক্কলন করা হয়েছে ৪৪ লাখ ৪৯ হাজার ৯৫৯ কোটি টাকা। চলতি ২০২১-২২ অর্থবছরের বাজেটে মোট জিডিপির আকার ধরা হয়েছে ৩৬ লাখ ৭৬ হাজার ৪৬২ কোটি টাকা।

মাথাপিছু আয় : আগামী অর্থবছরে দেশের মানুষের মাথাপিছু আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৩০০৭ ডলার।

সর্বোপরি নিয়ন্ত্রিত ও সংযত বাজেট প্রস্তাব করা হয়েছে, যেখানে অর্থমন্ত্রী অতি সতর্কতা অবলম্বন করেছেন।

 

 

লেখক: মোস্তাফিজ চৌধুরী।

আজীবন শিক্ষার্থী।

 

Tepantor

তেপান্তরে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।