তেপান্তর ক্রীড়া প্রতিবেদক:
দীর্ঘ দেড় বছরেরও বেশি সময় পর জাতীয় দলে ফিরতে যাচ্ছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। আগামী মার্চ মাসে ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজেই তাকে পুনরায় বাংলাদেশের জার্সিতে দেখা যেতে পারে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সাকিবের প্রত্যাবর্তনের বিষয়ে আনুষ্ঠানিক উদ্যোগ গ্রহণ করেছে।
গত ২৪ জানুয়ারি অনুষ্ঠিত বিসিবির বোর্ড সভায় বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সাকিবের বর্তমান ফর্ম ও ফিটনেস সন্তোষজনক হওয়া সাপেক্ষে তাকে দলে অন্তর্ভুক্ত করার জন্য নির্বাচকদের সবুজ সংকেত দেওয়া হয়েছে। আইনি ও প্রশাসনিক জটিলতা কাটিয়ে তাকে দেশে ফিরিয়ে আনার লক্ষ্যে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম সরকারের উচ্চপর্যায়ের সঙ্গে যোগাযোগ শুরু করেছেন।
বিসিবি পরিচালক আসিফ আকবর জানিয়েছেন, সাকিবের ক্রিকেটে অবদানের প্রতি সম্মান জানিয়ে তাকে দেশের মাটিতে খেলে ক্যারিয়ার শেষ করার সুযোগ দিতে চায় বোর্ড। এর আগে ২০২৪ সালের রাজনৈতিক পটপরিবর্তনের পর আইনি জটিলতা ও নিরাপত্তার অভাবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সাকিবের বিদায়ী টেস্ট খেলার ইচ্ছা পূরণ হয়নি। বর্তমান বোর্ড সেই অচলাবস্থা নিরসনে অনেক বেশি ইতিবাচক।
উল্লেখ্য, আগামী মার্চ মাসে তিনটি ওয়ানডে ম্যাচ খেলতে পাকিস্তান দল বাংলাদেশে আসবে। এরপর মে মাসে অনুষ্ঠিত হবে দুই ম্যাচের টেস্ট সিরিজ। সাকিবের ঘনিষ্ঠ মহল সূত্রে জানা গেছে, তিনিও দেশে ফিরে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার জন্য মুখিয়ে আছেন। এখন সরকারের সবুজ সংকেত মিললেই সাকিবের ফেরার বিষয়টি চূড়ান্ত হবে।
তেপান্তরে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
ArrayCopyright © 2026 তেপান্তর | Design & Developed By: ZamZam Graphics