তেপান্তর রিপোর্ট: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মাদক ব্যবসায়ীর গুলিতে দুই পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন।
বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার বড়িকান্দি ইউনিয়নের নুরজাহানপুর গ্রামে এ ঘটনা ঘটে।
আহত পুলিশ কর্মকর্তারা হলেন- নবীনগর থানার পুলিশ পরিদর্শক (ওসি) মোহাম্মদ সোহেল ও উপ-পরিদর্শক (এসআই) রনি সোরে রানা।
জানা যায়, উপজেলার বড়িকান্দি ইউনিয়নের নুরজাহানপুর গ্রামের মৃত সুধন মিয়ার ছেলে মাদক সম্রাট মন্নাফ (৫০) ওরফে মনেকের বিরুদ্ধে ডাকাতি, চুরি, হত্যা, ধর্ষণসহ ১৫টি মামলার রয়েছে। গত ১৯ এপ্রিল মাদক ও দেশীয় অস্ত্রসহ তাকে গ্রেফতার করে জেলে পাঠায় পুলিশ। কিছু দিন আগে জেল থেকে জামিনে বেড়িয়ে আবারো মাদক বেচাকেনা ও সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত হন। তার ছেলে শিপন ডাকাতি ও মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি।
তারা বাবা-ছেলে এলাকায় অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মনেককে আটক করে পুলিশ। এ সংবাদ পেয়ে তার ছেলে শিপনসহ কয়েকজন মাদককারবারি দু’দিক থেকে পুলিশের ওপর হঠাৎ গুলি চালাতে শুরু করে। পুলিশও আত্মরক্ষায় পাল্টা গুলি চালায়। এ সময় মনেকসহ হামলাকারীরা পালিয়ে যায়। এসময় মাদককারবারিদের গুলিতে নবীনগর থানার ওসি মোহাম্মদ সোহেল ও এসআই রনি সোরে রানার গুলিবিদ্ধ হন।
নবীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সিরাজুল ইসলাম জানান, মাদক সম্রাট ও ডাকাত মন্নাক ওরফে মনেক ও তার ছেলে শিপন মাদক ও ডাকাতি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে মনেককে আটক করে। পুলিশের কাছ থেকে পালাতে মনেকের হাতে থাকা ছুরি দিয়ে পুলিশের ওপর আক্রমন করেন। একই সময় মনেককে ছাড়িয়ে নিতে তার ছেলে শিপন ও তার সহযোগী সোহাগসহ আরো দু’জন পুলিশের ওপর গুলি ছুড়তে থাকে, পুলিশও আত্মরক্ষা করতে ১৪ রাউন্ড পাল্টাগুলি ছুড়ে। সেই সুযোগে মনেকসহ হামলাকারীরা পালিয়ে যায়। ওই ঘটনায় দু’পুলিশ কর্মকর্তা আহত হন। এরমধ্যে এসআই রনি সোরে রানাকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লায় পাঠানো হয়েছে।
তেপান্তরে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
ArrayCopyright © 2026 তেপান্তর | Design & Developed By: ZamZam Graphics