Tepantor

আশুগঞ্জ-আগরতলা চারলেন প্রকল্পে শহীদ মুক্তিযোদ্ধার কবর, প্রতিস্থাপনের স্বীদ্ধান্ত

2 March, 2023 : 7:48 pm

তেপান্তর রিপোর্ট: আশুগঞ্জ আগরতলা চারলেন প্রকল্পের রাধিকা অংশে মহান স্বাধীনতা যুদ্ধে শহীদ মুক্তিযোদ্ধা আবু তাহের এর কবর পড়ায় তা সরিয়ে নবনির্মিত রাস্তার পাশেই প্রতিস্থাপন করার স্বীদ্ধান্ত নেয়া হয়েছে।

জানা যায়, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে পাক সেনাদের সাথে সম্মুখ যুদ্ধে শহীদ হন বর্তমান নরসিংদী জেলার রায়পুরা উপজেলার শাওড়াতুলী গ্রামের মরহুম জমসের আলীর ছেলে বীর মুক্তিযোদ্ধা আবু তাহের। তৎকালীন সময় এলাকাবাসী রাধিকা ব্রীজের দক্ষিণে পূর্ব পার্শ্বে তাকে সমাহিত করেন। শহীদের কবরটি বর্তমানে চলমান আশুগঞ্জ আগরতলা চারলেন প্রকল্পে রাস্তার মধ্যে চলে আসে। আজ কবরটি সরিয়ে সংরক্ষণের জন্য জেলা মুক্তিযোদ্ধা সংসদ এর সাবেক ডেপুটি কমান্ডার গাজী মোঃ রতন মিয়ার লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে এই স্বীদ্ধান্ত নেয়া হয়েছে।

বীর মুক্তিযোদ্ধা গাজী মোঃ রতন মিয়া বলেন, শহীদের কবরটি রাস্তার মধ্যে পড়ছে জানার সাথে সাথেই অন্য মুক্তিযোদ্ধাদের নিয়ে আমি জেলা প্রশাসক মহোদয় এর কাছে কবরটি সরিয়ে সংরক্ষণের জন্য লিখিত আবেদন করলে তিনি ইউএনও মহোদয়কে দায়িত্ব প্রদান করেন। ইউএনও মহোদয় বিকেল চারটায় আমাদেরকে এবং প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করে নির্মিত রাস্তার পাশেই প্রতিস্থাপন করার স্বীদ্ধান্ত নেন। আমরা চাই জাতির সূর্য সন্তানদের যাতে কোন ভাবেই অবহেলা করা না হয়।

আশুগঞ্জ আগরতলা চারলেন প্রকল্পের ডেপুটি প্রজেক্ট ম্যানেজার শামীম হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন,আমাদের নিয়োগকৃত এনজিওর পক্ষ থেকে শহীদের পরিবারের সাথে অনেকদিন যাবত যোগাযোগ করা হলেও তারা তেমন গুরুত্ব দেয়নি বলে আমাদের মনে হয়েছে। আজকে বীর মুক্তিযোদ্ধা গাজী মোঃ রতন মিয়ার আবেদনের পরিপ্রেক্ষিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে আমরা ঘটনাস্থল পরিদর্শন করে শহীদের কবরটি সরিয়ে নবনির্মিত লেনটির পাশেই প্রতিস্থাপন করার স্বীদ্ধান্ত নেয়।

সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সেলিম শেখ বলেন, রাস্তার প্রকল্পের ইঞ্জিনিয়ার ও স্থানীয় বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে আমরা সম্মিলিত ভাবে জায়গাটি ভিজিট করেছি, প্রাথমিকভাবে কররটি স্থানান্তরের জন্য রাস্তার পাশেই জায়গা নির্ধারণ করেছি এবং রিলোকেট করার পরই রাস্তার বাকি কাজ সম্পন্ন করা হবে। চারলেন প্রকল্প বাস্তবায়ন কর্তৃপক্ষ এব্যাপারে সকল ধরনের ব্যবস্থা গ্রহণ করবে।

তিনি আরও বলেন পরে একটা ডিজাইন করে শহীদের কবরটি দৃষ্টিনন্দন করা হবে।

ইউএনওর ভিজিটের সময় সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবু হুরায়রা, মাছিহাতা ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ইসমাইল মিয়া,সুলতানপুর ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল হক,স্থানীয় বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম, স্থানীয় ৩ নং ওয়ার্ড মেম্বার রাশেদুল ইসলাম রাসেল,সাবেক মেম্বার শিশু মিয়া,সাবেক মেম্বার লিটন মিয়া,উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা উজ্জ্বল খান প্রমুখ উপস্থিত ছিলেন।

 

Tepantor

তেপান্তরে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Array