তেপান্তর রিপোর্ট: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে রাতের আধারে কৃষি জমির উপরের অংশের মাটি কেটে ইটভাটায় নেওয়া হচ্ছে। উপজেলার মিরপুর গ্রামের উত্তর অংশে “জিহাদ ব্রিকস ফিল্ড” নামে একটি ইটভাটা এই কর্মকান্ড চালিয়ে যাচ্ছে। এসব বন্ধে উপজেলার এক বাসিন্দা গত ১০ মে ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগপত্র থেকে জানা গেছে, “জিহাদ ব্রিকস ফিল্ড” নামের ওই ব্রিকস ফিল্ডটি আগে “টু স্টার” নামে চলতো। এখন সেটির নাম পরিবর্তন করে “জিহাদ ব্রিকস ফিল্ড” করা হয়েছে। এই ব্রিকস ফিল্ডের কোন অনুমোদন নেই। উপজেলা প্রশাসনের গুটি কয়েক কর্মকর্তার ইশারায় এই ইটভাটাটি চলছে বলে জানা গেছে।
উপজেলার রামপুর মৌজার মোহাম্মদ দুলাল মিয়ার ৩৪ শতক ফসলী জমি ও মৃত মালন মিয়ার ছেলে আলী আকবরের ৩০ শতক ফসলী জমি থেকে মাটি কেটে নিয়েছে “জিহাদ ব্রিকস ফিল্ড”র মালিক হিরু মিয়া।
জানা গেছে, গত ৭ মে থেকে ১০ মে পর্যন্ত টানা তিন দিন সন্ধ্যা হতে ভোর পর্যন্ত চলে এই ফসলী জমির মাটিকাটা। যা এখনো মাঝে-মধ্যেই তা চলছে। মাটি কাটার ক্ষেত্রে তারা এক্সিভেটর ভেকু মেশিন ব্যবহার করছে।

অভিযোগ সূত্রে জানা গেছে, আগেও এবিষয়ে লিখিত অভিযোগ দেওয়া হয়েছিলো, এর প্রেক্ষিতে প্রশাসন ইটভাটা মালিকের কাছ থেকে মুচলেখা নিয়ে লঘুদন্ডের মাধ্যমে ছেড়ে দেওয়া হয়। ফলে তারা পুনরায় একই কাজে লিপ্ত হচ্ছে।
ওই অভিযোগপত্রে বিধি অনুযায়ী এসব ইটভাটার মালিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও আবেদন করা হয়।
এবিষয়ে “জিহাদ ব্রিকস ফিল্ড” এর মালিক হিরু মিয়ার সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, তিনি কোন কৃষি জমি থেকে মাটি কাটেননি ও তার ইটভাটাটির অনুমোদন আছে।
তেপান্তরে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
ArrayCopyright © 2026 তেপান্তর | Design & Developed By: ZamZam Graphics