তেপান্তর রিপোর্ট:
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি কেবল ক্ষমতার জন্য রাজনীতি করে না, বরং মানুষের জীবনমান পরিবর্তনের লক্ষ্য নিয়ে কাজ করে। তিনি অঙ্গীকার করেন, বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে দেশের ১৮ কোটি মানুষের ৩৬ কোটি হাতকে কর্মসংস্থানের মাধ্যমে উৎপাদনমুখী শক্তিতে রূপান্তর করা হবে।
বুধবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কক্সবাজারের উখিয়ার কোটবাজার স্টেশন চত্বরে আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ধানের শীষের প্রার্থী শাহজাহান চৌধুরীর সমর্থনে এই সভার আয়োজন করা হয়।
সালাহউদ্দিন আহমদ বলেন, বিএনপি স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী গণমানুষের দল। যারা ইতিহাস বিকৃতি করেছে, তাদের মুখে স্বাধীনতার কথা মানায় না। গণতন্ত্র পুনরুদ্ধারে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, মানুষের হাতে কাজ তুলে দেওয়াই বিএনপির মূল লক্ষ্য।
জনগণের মৌলিক চাহিদা নিশ্চিত করতে দলের ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরে তিনি জানান, বিএনপি সরকার গঠন করলে ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড ও হেলথ কার্ড চালু করবে। এর মাধ্যমে সরাসরি খাদ্য নিরাপত্তা, কৃষি সহায়তা ও স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হবে। মূলত দারিদ্র্য বিমোচন ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
উখিয়া উপজেলা বিএনপির সভাপতি সরওয়ার জাহান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় ধানের শীষের প্রার্থী শাহজাহান চৌধুরী ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না বক্তব্য দেন। বক্তারা বলেন, আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচন দেশের ভবিষ্যৎ নির্ধারণে চূড়ান্ত ভূমিকা রাখবে। অবাধ ও সুষ্ঠু ভোট হলে জনগণ ধানের শীষের পক্ষেই রায় দেবে।
সভায় কক্সবাজার জেলা ও স্থানীয় বিএনপির শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। বক্তারা উখিয়া-টেকনাফ অঞ্চলের অবহেলিত যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা ও স্বাস্থ্যের উন্নয়নে দৃশ্যমান পরিবর্তনের প্রতিশ্রুতি দেন।
তেপান্তরে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
ArrayCopyright © 2026 তেপান্তর | Design & Developed By: ZamZam Graphics