মোস্তাফিজ চৌধুরী: ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের কুমাড়শীল মোড়ে আলিফ জেনারেল হাসপাতালে আরাফ (১৬ মাস) নামের এক শিশুকে হাসপাতালের স্টাফ কর্তৃক এনেস্থিসিয়া দিয়ে ভুল চিকিৎসায় হত্যা করা হয়েছে বলে অভিযোগ করছে শিশুর স্বজনেরা। শনিবার সন্ধ্যায় এই ঘটনা ঘটে।
তাদের অভিযোগ, শিশুটিকে আলিফ জেনারেল হাসপাতালের অপারেশন থিয়েটারের ইনচার্জ ইশরাত ভুলভাবে এনেস্থিসিয়া দেয়ার কারণে শিশুটির খিচুনি ওঠলে সে পরক্ষণেই মারা যায়।
জানা যায়,সদর উপজেলার থলিয়ারা গ্রামের প্রবাসী নাছির সওদাগরের ১৬ মাস বয়সের সন্তান আরাফকে আজ দুপুর আনুমানিক ১২ টা ৩০ মিনিটে তার পায়ের ফোড়া অপারেশন করার জন্য শহরের কুমারশীল মোড়স্থ আলিফ জেনারেল হাসপাতালে ডাঃ মামুন মোহরের অধীনে ভর্তি করা হয়। সন্ধ্যা আনুমানিক ছয়টার সময় শিশুটিকে হাসপাতালের অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়,এবং অপারেশন থিয়েটারের ইনচার্জ ইশরাত শিশুটিকে এনেস্থিসিয়া দিলে শিশুটির পুরো শরীরে খিচুনি ওঠে সে মারা যায়। পরক্ষণেই হাসপাতালের ডাক্তার, নার্সসহ সকল স্টাফ শিশুর লাশটিকে ফেলে দ্রুত ঘটনা স্থল ত্যাগ করে।
শিশু আরাফের মা মারুফা বলেন, আমার ছেলেরে এরা মেরে ফেলছে,আমি বার বার জিজ্ঞেস করছি,আপনি কি ডাক্তার, আপনি কেন তারে এনেস্থিসিয়ার ইঞ্জেকশন দিলেন,তিনি বলেন ডাক্তার অপারেশন শুরু করার আগে তারাই এসব করেন। এখন আমার বাচ্চাটারে তারা মেরে ফেলছে,আমার সোনার টুকরা আদরের ধনডারে আপনারা আইন্না দেন,আর না হয় এরারে ধরে জেলে লইয়া যান।
সদর মডেল থানার ইন্সপেক্টর (অপারেশন) সুমন ভৌমিক বলেন,ঘটনা জানতে পেরে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নির্দেশে আমরা সাথে সাথে হাসপাতালে এসেছি। শিশুর স্বজনদের মাধ্যমে জানতে পেরেছি আরাফ নামের এক শিশুকে পায়ের ফোড়া অপারেশনের জন্য আলিফ হাসপাতালে ভর্তি করা হয়,পরে তাকে ওটি’তে নিয়ে হাসপাতালের স্টাফ ইশরাত এনেস্থিসিয়া দেয়ার পর খিচুনি ওঠে শিশুটি মারা যায়।
পত্রিকার পক্ষ থেকে হাসপাতাল কর্তৃপক্ষ,স্টাফ ইশরাত এবং ডাঃ মামুন মোহরের সাথে যোগাযোগের চেষ্টা করেও যোগাযোগ করা যায়নি।
তেপান্তরে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
ArrayCopyright © 2026 তেপান্তর | Design & Developed By: ZamZam Graphics