Tepantor

পাচঁ লাখ টাকা আমি খেয়ে ফেলছি,আপনি যা লেখার লেখেন

13 December, 2023 : 7:22 pm

তেপান্তর রিপোর্ট: সংবাদের শিরোনামের বক্তব্যটি বিজয়নগর উপজেলার মিরাসানী পলিট্যাকনিক একাডেমি’র প্রধান শিক্ষক এবং বিজয়নগর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গোলাম মোস্তফার!

‘ গত পঁচিশ বছরে এখানে (মিরাসানি পলিট্যাকনিক একাডেমিতে) কোন সাংবাদিক ঢুকার সাহস পায়নি,আর আপনারা আসছেন আমাদের অনিয়মের খোজ নিতে। বেশি ঘাটাঘাটি করলে চাদাবাজির ঘটনা সাজিয়ে থানায় দিয়ে দিবো। ঠিক আছে?’- প্রতিবেদককে উদ্দেশ্য করে এই কথাগুলো বলেন একই বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের অবিভাবক প্রতিনিধি ও সিঙ্গারবিল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল চৌধুরী।

 

শিক্ষা মন্ত্রণালয়ের পারফরম্যান্স বেজড গ্রায়ান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস(PBGSI)- স্কিমের আওতায় ২০২২-২৩ অর্থবছরে ব্যবস্থাপনা জবাবদিহি অনুদান বাবদ প্রাপ্ত ৫,০০,০০০(পাচ লক্ষ) টাকা সরকার নির্ধারিত খাতসমূহে ব্যয় না করেই ভাউচার তৈরি,চৌদ্দ বছর যাবত বিদ্যালয় পরিচালনা কমিটির কোন নির্বাচন অনুষ্ঠিত না হওয়া,এসএসসির কোচিং বাণিজ্য,নির্বাচনী পরীক্ষায় অনুত্তীর্ণ শিক্ষার্থীকে মোটা অংকের টাকার বিনিময়ে অনৈতিকভাবে ফর্ম ফিলাপের অনুমতি প্রদান,ষষ্ঠ শ্রেনীতে ছাড়পত্রবিহীন শিক্ষার্থী ভর্তি করা সহ এই প্রতিষ্ঠানের বিভিন্ন অনিয়মের অভিযোগের খোঁজ নিতে গেলে মিরাসানি পলিট্যাকনিক একাডেমি’র প্রধান শিক্ষক গোলাম মোস্তফা এবং বিদ্যালয় পরিচালনা কমিটির একাধিক সদস্য প্রতিবেদককে উদ্দেশ্য করে এসব মন্তব্য করেন।

মিরাসানি পলিট্যাকনিক একাডেমির প্রধান শিক্ষকের কাছে একদিন আগে সাংবাদিক পরিচয়ে ফোন দিয়ে সাক্ষাৎ করার অনুমতি নেয়া স্বত্বেও মঙ্গলবার দুপুর বারোটায় বিদ্যালয়ের অফিস কক্ষে প্রতিষ্ঠানের বিভিন্ন অনিয়মের অভিযোগ যাচাই করতে গেলে প্রধান শিক্ষক গোলাম মোস্তফা সাংবাদিকদের তথ্য দেয়ার পরিবর্তে অশালীন আচরণ করেন এবং সংবাদ প্রকাশ করতে হলে উর্ধ্বতন কর্তৃপক্ষের লিখিত অনুমতি সহ যাওয়ার কথা বলেন। এসময় বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতিসহ কমিটির প্রায় সকল সদস্য অফিস কক্ষে উপস্থিত ছিলেন।

তার বিরুদ্ধে সাংবাদিকদের কাছে যে সকল শিক্ষার্থী ও অবিভাবক গোপনে অনিয়মের অভিযোগ করেছেন তাদেরকে কুত্তার বাচ্চা বলে সম্বোধন করে বিভিন্ন কুরুচিপূর্ণ মন্তব্য করেন এবং তাদেরকে তার সামনে এনে হাজির করতে বলেন।

প্রধান শিক্ষক গোলাম মোস্তফা স্থানীয় ভাবে প্রভাবশালী হওয়ায় তার ব্যপারে এলাকার কেউ সরাসরি কোনো মন্তব্য করতে রাজি না হলেও নাম প্রকাশে অনিচ্ছুক অনেকেই তার বিভিন্ন অনিয়মের ব্যপারে বিস্ফোরক তথ্য দিয়েছে।

সম্প্রতি বদলি হওয়া বিজয়নগর উপজেলার সাবেক মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আবদুল জলিল মিরাসানি পলিট্যাকনিক একাডেমি’র প্রধান শিক্ষক সম্পর্কে বলেন, ‘ মিরাসানি স্কুলটাকে প্রধান শিক্ষক আর তার লোকজন মিলে শেষ করে দিচ্ছে। বিদ্যালয়ের ভেতরে এখন ভবন ছাড়া শিক্ষাবান্ধব আর কিছুই নেই। আমি বিজয়নগরে দায়িত্বে থাকাকালীন নিজে প্রত্যক্ষ করেছি যে, রাজনৈতিক ও পেশীশক্তিতে ক্ষমতাধর এই প্রধান শিক্ষকের দৌরাত্ম্যের কাছে মাঠ প্রশাসন তো বটেই, খোদ শিক্ষা অফিসকে অসহায় হয়ে থাকতে হয়, যা কোনোভাবেই কাম্য নয়। আমিতো উর্ধ্বতন কর্তৃপক্ষকে বারবার জানিয়েও তার নিপীড়ন-অনিয়ম-দুর্নীতি রোধ করতে পারি নি। আপনি খোঁজ খবর নিয়ে লিখেন এই শিক্ষাপ্রতিষ্ঠানে কী হয়,ভর্তির, পরীক্ষার ও অন্যান্য ফি’র অর্থ কোথায় ও কীভাবে ব্যয় হয়।দেখবেন কত অনিয়ম বেরিয়ে আসে।”

নাম প্রকাশে অনিচ্ছুক পার্শ্ববর্তী বিদ্যালয়ের এক শিক্ষক বলেন,’একটা সময় ছিল যখন এই স্কুলের অনেক সুনাম ছিলো। এক যুগ আগে বর্তমান প্রধান শিক্ষক দায়িত্ব নেয়ার পর থেকেই পরিস্থিতির অবনতি হতে শুরু করে। যদিও তখন প্রধান শিক্ষক হবার কথা ছিল হোসেন স্যারের কিন্তু মস্তু স্যার রাজনৈতিক প্রভাব খাটিয়ে প্রধান শিক্ষকের পদটি বাগিয়ে নেন। উনি আসার পর কোন ম্যানেজিং কমিটিই প্রত্যক্ষ ভোটের মাধ্যমে নির্বাচিত হয়নি বরং সবই উনার সিলেক্টেড পকেট কমিটি।

উনি দায়িত্বে আসার পর থেকে বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের আড়ালে বিদ্যালয়ের আয়ের টাকা দুর্নীতি করা হয় উনার এবং কমিটির পারস্পরিক স্বার্থ বিবেচনায় রেখে। এসব কারণে  শিক্ষার্থীদের কল্যাণ, প্রতিষ্ঠানের উন্নয়ন বিঘ্নিত হলেও উনি তার পরোয়া করেন না।’

নাম প্রকাশে অনিচ্ছুক সাবেক এক অবিভাবক ক্ষোভের সুরে বলেন,’ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত থেকেও তিনি দীর্ঘদিন বিভিন্ন রাজনৈতিক সভা, সমাবেশ ও মিছিলে সক্রিয় ভাবে অংশগ্রহণ করে আসছেন, যা সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা ১৯৭৯-এর ধারা ২৫(১)-এর সুস্পষ্ট লঙ্ঘন।

রাজনীতি নিয়ে ব্যস্ততার মধ্যে বিদ্যালয়ের একাডেমিক বিষয়ে উনার ভাবার সময় কোথায়?’

তার রাজনৈতিক পদবি নিশ্চিত করে বিজয়নগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি জহিরুল হক ভুইয়া বলেন,’ গোলাম মোস্তফা আগে ইউনিয়ন কমিটির সভাপতি ছিলেন, এখন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি। আর উনার চাকরিটাতো আধা-সরকারি। এক্ষেত্রে উনার উপর সরকারি কর্মচারী বিধিমালা প্রযোজ্য হবে কি-না তা আমার ভালোভাবে জানা নেই।’

অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের জন্য প্রতিষ্ঠান প্রধানের পূর্বানুমতি নিয়ে কোন সাংবাদিক কোন শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে প্রধান শিক্ষকের কাছে সংবাদ সংশ্লিষ্ট কোন তথ্য চাইতে পারেন কি-না এবং এক্ষেত্রে সাংবাদিকরা শিক্ষা অফিস থেকে কোন লিখিত অনুমতি নেয়ার প্রয়োজন আছে কি-না জানতে চাইলে জেলা শিক্ষা অফিসার মোঃ জুলফিকার হোসেন তেপান্তরকে বলেন,’ সাংবাদিকরা জনসম্মুখে সংবাদ প্রকাশের জন্য জাতীয় গোয়েন্দা সংস্থার আভ্যন্তরীণ তথ্য এবং সরকারি বিশেষ গোপনীয় নথিপত্র ব্যতীত অন্য যে কোন তথ্য চাইতে পারেন। এক্ষেত্রে কোন লিখিত অনুমতির প্রয়োজন নেই। জেলার যে কোন শিক্ষা প্রতিষ্ঠানতো বটেই, আমার অফিসের তথ্যও আপনি চাইতে পারেন। কেউ তথ্য দিতে অপারগ হলে আপনি তথ্য অধিকার আইনেও তথ্য চাইতে পারেন।’

অনুসন্ধানী প্রতিবেদনের প্রয়োজনে তথ্য সংগ্রহের জন্য গেলে প্রতিবেদকের সঙ্গে মিরাসানি পলিট্যাকনিক একাডেমির প্রধান শিক্ষকের ঔদ্ধত্যপূর্ণ আচরণ ও দুর্ব্যবহারের ব্যপারে জানতে চাইলে তিনি বলেন, ‘ দায়িত্বশীল পদে থেকেও সাংবাদিকের সঙ্গে উনি যে আচরণ করেছেন তা দুঃখজনক। আপনি উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দিন,আমি বিষয়টি খতিয়ে দেখছি।’

মিরাসানি পলিট্যাকনিক একাডেমি’র প্রধান শিক্ষক গোলাম মোস্তফা’র অশালীন ও ঔদ্ধত্যপূর্ণ আচরণের রেকর্ড তেপান্তর নিউজের ওয়েবসাইট ও ফেসবুক পেইজে প্রয়োজন বোধে প্রকাশ করা হবে। এছাড়াও তার কাছে তথ্য অধিকার আইনে লিখিত আবেদন করে তথ্য পাওয়ার পর তার ব্যাপারে বিভিন্ন অনিয়মের অভিযোগের সঙ্গে প্রাপ্ত তথ্যের সত্যতা পর্যালোচনা করে তার অনিয়ম দূর্নীতির বিস্তারিত বিষয়াদি শীঘ্রই প্রকাশিত হবে

Tepantor

তেপান্তরে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।