Tepantor

থানার পুকুরে ঝাপ দিয়ে মরল নেশাগ্রস্ত ব্যক্তি

30 August, 2024 : 4:52 pm

তেপান্তর রিপোর্ট: ব্রাহ্মণবাড়িয়ায় সদর মডেল থানার পুকুর থেকে মাদকাসক্ত হাদিসুর রহমান (৩০) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (৩০ আগস্ট) সকাল ৮ টার সদর মডেল থানা পুকুর থেকে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করে সেনা ফায়ার সার্ভিসের কর্মীরা।

নিহত হাদিসুর রহমান জেলার সদর উপজেলার নাটাই উত্তর ইউনিয়নের ভাটপাড়া এলাকার শামসুল হকের ছেলে। স্ত্রী ও সন্তান নিয়ে শহরের পীরবাড়ি এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন হাদিসুর।

নিহতের স্ত্রী শেফালী বেগম ও স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, হাদিসুর রহমান মাদকাসক্ত ছিলেন। গতরাতে তিনি ঘরের মধ্যে ইয়াবা সেবনের পর ভোর থেকে দা হাতে বাইরে বেরিয়ে পড়েন। এক পর্যায়ে তিনি ভবনের বিভিন্ন ফ্ল্যাটে কোপাতে থাকেন। পরে শহরের সিও অফিস এলাকায় একটি পুকুরে ঝাঁপ দেন। সেখান থেকে হাদিসুর পালিয়ে সদর থানার ফটক ডিঙিয়ে ভেতরে প্রবেশ করে থানা পুকুরেও ঝাঁপ দেন। পরে তিনি উঠে না আসায় ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। তারা পুকুর থেকে হাদিসুরের মরদেহ উদ্ধার করে।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাফ্ফর হোসেন জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত চলছে। অভিযোগ সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tepantor

তেপান্তরে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Array