Tepantor

বহিষ্কারের পর স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা রুমিন ফারহানার

31 December, 2025 : 9:40 pm

তেপান্তর রিপোর্ট:

দলীয় সিদ্ধান্ত অমান্য করে মনোনয়নপত্র জমা দেওয়ায় বিএনপি থেকে বহিষ্কৃত হয়েও নির্বাচনী লড়াইয়ে অনড় থাকার ঘোষণা দিয়েছেন ব্যারিস্টার রুমিন ফারহানা। বুধবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যায় এক প্রতিক্রিয়ায় তিনি জানান, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ আসন (সরাইল-আশুগঞ্জ) থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন।

রুমিন ফারহানা জানান, তিনি ‘হাঁস’ প্রতীক নিয়ে নির্বাচনের মাঠে থাকবেন। বহিষ্কারের সিদ্ধান্তকে ‘অনুমানে ছিল’ উল্লেখ করে তিনি বলেন, “আমি সত্যের পক্ষে কথা বলেছি এবং ভবিষ্যতেও সেই অবস্থান বজায় রাখতে চাই। এটি আমার জন্য একটি নতুন শুরু।” তিনি দেশবাসী ও নিজ এলাকার মানুষের কাছে নতুন এই পথে এগিয়ে যেতে দোয়া প্রার্থনা করেন।

দলের শীর্ষ নেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুদিনে বহিষ্কারাদেশের চিঠি পাওয়ায় আক্ষেপ প্রকাশ করেছেন রুমিন। তিনি বলেন, “এমন শোকের দিনে এই ধরনের সিদ্ধান্ত সাধারণ মানুষের মনেও প্রশ্ন তুলেছে।” উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে জোটের প্রার্থী মাওলানা জুনায়েদ আল হাবিবের বিপক্ষে প্রার্থী হওয়ায় গত মঙ্গলবার রুমিন ফারহানাসহ চার নেতাকে বহিষ্কার করে বিএনপি।

নিজের বাবা অলি আহাদের রাজনৈতিক ইতিহাসের প্রসঙ্গ টেনে রুমিন বলেন, ১৯৭৩ সালে আওয়ামী লীগের প্রবল জোয়ারের মধ্যেও তার বাবা স্বতন্ত্র লড়াই করেছিলেন। ২০২৬ সালে এসে তাকেও একই পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে। তার বাবার এলাকা বিজয়নগরের দুটি ইউনিয়ন এই আসনে যুক্ত হওয়ার ফলে নির্বাচনের ফলাফলে নতুন সমীকরণ তৈরি হতে পারে বলে মনে করছেন স্থানীয় বিশ্লেষকরা।

Tepantor

তেপান্তরে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Array