তেপান্তর রিপোর্ট:
কুমিল্লার চৌদ্দগ্রাম থানায় দায়িত্বরত এক পুলিশ সদস্যকে দা দিয়ে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিকেলে থানা চত্বরে এই হামলার ঘটনা ঘটে। পুলিশ তাৎক্ষণিকভাবে হামলাকারী যুবক বাহাদুর হোসেন বাদলকে (১৯) গ্রেপ্তার করেছে।
আহত পুলিশ সদস্যের নাম শরিফুল ইসলাম। তিনি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। গ্রেপ্তারকৃত বাহাদুর হোসেন বাদল থানা সংলগ্ন লক্ষ্মীপুর গ্রামের মানিক মিয়ার ছেলে।
থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, অভিযুক্ত বাদল নিয়মিত থানার ভেতরে গরু চড়াতেন। এতে থানার বাগান ও ফলদ গাছপালার ক্ষতি হওয়ায় তাকে এর আগেও একাধিকবার সতর্ক করা হয়েছিল। মঙ্গলবার দুপুরে আবারও তিনি একাধিক গরু নিয়ে থানা চত্বরে প্রবেশ করলে কনস্টেবল শরিফুল ইসলাম তাকে বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে বাদল তার হাতে থাকা দা দিয়ে ওই পুলিশ সদস্যের শরীরে ও মাথায় উপর্যুপরি আঘাত করেন। সহকর্মীরা এগিয়ে এসে গুরুতর অবস্থায় শরিফুলকে উদ্ধার করেন এবং ঘটনাস্থল থেকেই বাদলকে আটক করা হয়।
চৌদ্দগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) গুলজার আলম জানান, দীর্ঘদিন ধরেই অভিযুক্ত যুবককে থানার সংরক্ষিত এলাকায় প্রবেশে নিষেধ করা হচ্ছিল। সর্বশেষ মঙ্গলবার বিকেলে গেট দিয়ে বের হওয়ার সময় পুনরায় নিষেধ করলে তিনি দায়িত্বরত কনস্টেবলের ওপর ধারালো অস্ত্র নিয়ে চড়াও হন।
পুলিশের ওপর হামলার ঘটনায় অভিযুক্ত বাদলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বুধবার (৩১ ডিসেম্বর) দুপুরে তাকে সংশ্লিষ্ট আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
তেপান্তরে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
ArrayCopyright © 2026 তেপান্তর | Design & Developed By: ZamZam Graphics