নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:
চট্টগ্রামের শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠান স্মার্ট গ্রুপের চেয়ারম্যানের বাসভবনে সশস্ত্র হামলার দুই দিন পার হলেও জড়িতদের শনাক্ত করতে পারেনি পুলিশ। গত শুক্রবার (২ জানুয়ারি) ভোরে নগরীর চন্দনপুরা এলাকায় এই হামলার ঘটনা ঘটে। সন্ত্রাসীরা কোটি টাকা চাঁদা না পেয়ে ওই বাসভবন লক্ষ্য করে অন্তত ২২ রাউন্ড গুলি ছোড়ে।
সিসিটিভি ফুটেজ পর্যালোচনায় দেখা গেছে, শুক্রবার ভোর সাড়ে ছয়টার দিকে সাত-আটজন মুখোশধারী সন্ত্রাসী অতর্কিতে হামলা চালায়। গুলিতে বাড়ির প্রধান গেট, নিরাপত্তাকর্মীদের কক্ষ ও জানালার কাঁচ ক্ষতিগ্রস্ত হয়। নিরাপত্তাকর্মীরা জানান, হামলাকারীরা অত্যন্ত দ্রুততার সঙ্গে গুলি চালিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।
পুলিশ ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, বেশ কিছু দিন ধরে দুবাইভিত্তিক একটি মোবাইল নম্বর থেকে স্মার্ট গ্রুপের পরিচালকদের কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করা হচ্ছিল। চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় ভয়ভীতি প্রদর্শনের জন্য এই হামলা চালানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল আজাদ বলেন, “তদন্ত চলছে। জড়িতদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে।” তবে চাঞ্চল্যকর এই ঘটনায় রবিবার (৪ জানুয়ারি) সকাল পর্যন্ত কোনো মামলা দায়ের করা হয়নি।
এদিকে ব্যবসায়ী নেতার বাড়িতে এমন হামলায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বিজিএমইএ। সংগঠনটির পক্ষ থেকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনারকে চিঠি দিয়ে শিল্প উদ্যোক্তাদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়েছে। বিজিএমইএর পরিচালক সাইফ উল্লাহ মনসুর বলেন, সন্ত্রাসীরা যদি এভাবে নির্বিঘ্নে গুলি ছুড়ে পালিয়ে যেতে পারে, তবে তা বিনিয়োগ পরিবেশের জন্য হুমকিস্বরূপ।
উল্লেখ্য, স্মার্ট গ্রুপের চেয়ারম্যান মুজিবুর রহমান সাবেক আওয়ামী লীগ ঘরানার রাজনীতিক এবং একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাঁশখালী থেকে স্বতন্ত্র সংসদ সদস্য ছিলেন।
তেপান্তরে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
ArrayCopyright © 2026 তেপান্তর | Design & Developed By: ZamZam Graphics