Tepantor

১৮ জানুয়ারি কক্সবাজার যাচ্ছেন তারেক রহমান, শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করবেন

6 January, 2026 : 8:07 am

নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার:

জুলাই গণঅভ্যুত্থানের প্রথম দিকের শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত করতে আগামী ১৮ জানুয়ারি কক্সবাজার সফরে আসছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোমবার (৫ জানুয়ারি) দিবাগত রাতে জেলা বিএনপির প্রচার সম্পাদক আকতার উদ্দিন চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

দলীয় সূত্র জানায়, ১৮ জানুয়ারি তারেক রহমান কক্সবাজারের পেকুয়ায় যাবেন। সেখানে তিনি চট্টগ্রাম কলেজ ছাত্রদলের সদস্য ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত করবেন এবং তার পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করবেন। দীর্ঘ দেড় দশক পর তারেক রহমানের কক্সবাজার আগমনকে কেন্দ্র করে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।

কক্সবাজার সফরের সময় উখিয়ার শহীদ বিএনপি কর্মী জাগির হোসেনের পরিবারের খোঁজ নেওয়ার জন্যও স্থানীয় নেতাকর্মীরা দাবি জানিয়েছেন। জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ফাহিমুর রহমান বলেন, “আমাদের নেতার কক্সবাজার সফর জেলার বিএনপি পরিবারের জন্য অত্যন্ত সৌভাগ্যের বিষয়।”

উল্লেখ্য, তারেক রহমান আগামী ১১ জানুয়ারি দীর্ঘ ১৯ বছর পর তার জন্মভূমি বগুড়া সফরে যাবেন। পরদিন ১২ জানুয়ারি রংপুরে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করার কথা রয়েছে তার। এরই ধারাবাহিকতায় ১৮ জানুয়ারি তিনি পর্যটন নগরী কক্সবাজারে পা রাখবেন।

Tepantor

তেপান্তরে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Array