Tepantor

রাউজানে ঘরে ফেরার পথে যুবদল নেতাকে গুলি করে হত্যা

6 January, 2026 : 8:18 am

নিজস্ব প্রতিবেদক | চট্টগ্রাম:
চট্টগ্রামের রাউজানে রাজনৈতিক আধিপত্য ও অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে জানে আলম শিকদার (৪৮) নামে এক যুবদল নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (৫ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে পূর্ব গুজরা ইউনিয়নের শিকদার পাড়ায় তার বাড়ির কাছেই এই হামলার ঘটনা ঘটে।

নিহত জানে আলম রাউজান উপজেলা যুবদলের সদস্য এবং পূর্ব গুজরা ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক ছিলেন। স্থানীয় পর্যায়ে তিনি বিএনপির কেন্দ্রীয় নেতা গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারী হিসেবে পরিচিত।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে বাজার থেকে বাড়ি ফিরছিলেন জানে আলম। এ সময় মোটরসাইকেলে আসা একদল অস্ত্রধারী তাকে লক্ষ্য করে কাছ থেকে গুলি ছুড়ে দ্রুত পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে তাকে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম জানান, হামলার খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। রাজনৈতিক ও স্থানীয় আধিপত্য বিস্তার নিয়ে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

উল্লেখ্য, ৫ আগস্ট পরবর্তী সময়ে রাজনৈতিক অস্থিরতার কবলে পড়া রাউজানে এ নিয়ে সহিংস ঘটনায় নিহতের সংখ্যা ১৭ ছাড়ালো। এই খুনের ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Tepantor

তেপান্তরে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Array