Tepantor

ক্রাউড ফান্ডিংয়ের টাকা ফেরত দেওয়া নিয়ে যা জানালেন তাসনিম জারা

6 January, 2026 : 9:44 am

তেপান্তর রিপোর্ট:

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করে ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হওয়া ডা. তাসনিম জারা তার নির্বাচনী ক্রাউড ফান্ডিংয়ের অর্থ ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু করেছেন। দলত্যাগের আগে সংগৃহীত ৪৬ লাখ ৯৩ হাজার টাকা নিয়ে সৃষ্ট আলোচনা ও সমর্থকদের একাংশের দাবির প্রেক্ষিতে তিনি এই পদক্ষেপ নিলেন।

সোমবার (৫ জানুয়ারি) একটি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তাসনিম জারা জানান, স্বতন্ত্র প্রার্থী হিসেবে তার নতুন রাজনৈতিক অবস্থানের কারণে যারা অর্থ ফেরত নিতে আগ্রহী, তাদের জন্য নির্দিষ্ট ফরম পূরণের ব্যবস্থা করা হয়েছে। তিনি বলেন, “যারা টাকা ফেরত চেয়েছেন এবং যারা এখনো জানাননি—সবাইকে অনুরোধ করব আপনাদের সিদ্ধান্ত জানান। আবেদনকারী প্রত্যেকের অ্যাকাউন্টে টাকা পৌঁছে যাবে।”

উল্লেখ্য, গত ২৭ ডিসেম্বর এনসিপির সিনিয়র যুগ্ম সদস্যসচিব পদ থেকে ইস্তফা দিয়ে স্বতন্ত্র নির্বাচনের ঘোষণা দেন জারা। এরপর ঢাকা-৯ আসন থেকে মনোনয়নপত্র জমা দিলেও ৩ জানুয়ারি দুইজনের স্বাক্ষরে গড়মিলের অভিযোগে ঢাকার রিটার্নিং কর্মকর্তা তার প্রার্থিতা বাতিল করেন। বর্তমানে মনোনয়ন ফিরে পেতে তিনি আপিল করেছেন।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দলীয় পরিচয় থেকে বেরিয়ে স্বতন্ত্র অবস্থানে যাওয়ায় সমর্থকদের অর্থ ফেরত দেওয়ার এই উদ্যোগ নির্বাচনী নৈতিকতার এক নতুন দৃষ্টান্ত হতে পারে। তবে বর্তমানে তার মূল চ্যালেঞ্জ হচ্ছে আইনি লড়াইয়ের মাধ্যমে প্রার্থিতা ফিরে পাওয়া।

Tepantor

তেপান্তরে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Array