তেপান্তর রিপোর্ট:
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা প্রশাসনের উদ্যোগে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে এক গুরুত্বপূর্ণ অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৬ জানুয়ারি) আয়োজিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার শারমিন আক্তার জাহান।
সভায় সংশ্লিষ্ট অংশীজনদের জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের আইনি দিক, পোস্টাল ব্যালট এবং নির্বাচনি আচরণ বিধিমালা সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হয়। জেলা প্রশাসক তার বক্তব্যে একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন করতে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রাখার নির্দেশনা দেন।
বিশেষ অতিথির বক্তব্যে পুলিশ সুপার শাহ্ মোঃ আব্দুর রউফ নির্বাচনের নিরাপত্তা পরিকল্পনা তুলে ধরেন। তিনি জানান, ভোটকেন্দ্রগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে এবং ভোটারদের মধ্যে আস্থা তৈরিতে জেলা পুলিশ বদ্ধপরিকর। সভা শেষে জেলা প্রশাসক ও পুলিশ সুপার সরাইল থানার বিভিন্ন এলাকার ভোটকেন্দ্রগুলো সরেজমিনে পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তারা স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সাথে মতবিনিময় সভায় মিলিত হন। আসন্ন নির্বাচনকে উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে সফল করার লক্ষ্যে স্থানীয় সামাজিক নেতৃত্বের সহযোগিতা কামনা করা হয়। এ সময় জেলা প্রশাসন, জেলা পুলিশ ও জেলা নির্বাচন অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
তেপান্তরে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
ArrayCopyright © 2026 তেপান্তর | Design & Developed By: ZamZam Graphics