Tepantor

নির্বাচন ও গণভোট গণতান্ত্রিক রূপান্তরের মাইলফলক: প্রধান উপদেষ্টা

8 January, 2026 : 6:08 am

তেপান্তর রিপোর্ট:
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া জাতীয় নির্বাচন ও গণভোট বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তরের ক্ষেত্রে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, বিগত ১৬ বছর স্বৈরশাসনের কারণে দেশের মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল। এবার উৎসবমুখর পরিবেশে ভোটাররা তাদের রায় দেবেন।

বুধবার (০৭ জানুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ইউরোপীয় এক্সটারনাল অ্যাকশন সার্ভিসের (ইইএএস) এশিয়া-পাসিফিক অঞ্চলের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক পাওলা পাম্পালোনি সৌজন্য সাক্ষাৎ করতে এলে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন। বৈঠকে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মধ্যে প্রস্তাবিত ‘সমন্বিত অংশীদারিত্ব চুক্তি’ (কমপ্রিহেনসিভ পার্টনারশিপ অ্যাগ্রিমেন্ট) দ্রুত চূড়ান্ত করার বিষয়ে উভয় পক্ষ একমত পোষণ করে।

পাওলা পাম্পালোনি জানান, বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে ইইউ সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। ১২ ফেব্রুয়ারির নির্বাচন পর্যবেক্ষণে ইউরোপীয় ইউনিয়ন একটি উচ্চপর্যায়ের বৃহৎ প্রতিনিধি দল পাঠাবে। মিশনের প্রধান চলতি সপ্তাহেই ঢাকা সফরে এসে রাজনৈতিক দল ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা শুরু করবেন।

অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রমের প্রশংসা করে ইইউ প্রতিনিধি বলেন, অধ্যাপক ইউনূসের নেতৃত্বে গত ১৭ মাসে যে ব্যাপক সংস্কার উদ্যোগ নেওয়া হয়েছে, তা প্রশংসার দাবি রাখে। এই সংস্কার প্রক্রিয়া সফল হলে ঢাকা ও ব্রাসেলসের সম্পর্কে নতুন অধ্যায়ের সূচনা হবে।

নির্বাচন প্রসঙ্গে প্রধান উপদেষ্টা বলেন, রাজনৈতিক দলগুলো ‘জুলাই সনদ’-এর প্রতি সংহতি জানিয়েছে। আসন্ন গণভোটে দলগুলো ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচার চালাবে বলে তিনি বিশ্বাস করেন। কোনো পক্ষ থেকে ‘না’ ভোটের আশঙ্কা দেখছেন না তিনি।

বৈঠকে অংশীদারিত্ব ও সহযোগিতা কাঠামো চুক্তি (পিসিএ), অবৈধ অভিবাসন রোধ এবং দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী, এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ এবং ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার উপস্থিত ছিলেন।

Tepantor

তেপান্তরে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Array