Tepantor

এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার, সরবরাহ স্বাভাবিক হওয়ার আশ্বাস

8 January, 2026 : 7:44 pm

তেপান্তর রিপোর্ট:

সারাদেশে ঘোষিত অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছেন এলপি গ্যাস ব্যবসায়ীরা। বৃহস্পতিবার (০৮ জানুয়ারি) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) সাথে ফলপ্রসূ আলোচনার পর এই সিদ্ধান্ত জানানো হয়।

বিইআরসি কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে শেষে এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি মো. সেলিম খান ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেন। তিনি জানান, বিইআরসি চেয়ারম্যানের আশ্বাসের প্রেক্ষিতে তারা পুনরায় বিপণন ও সরবরাহ শুরু করছেন। বৈঠকে ব্যবসায়ীরা তিনটি মূল দাবি পেশ করেন— দেশজুড়ে ডিলার ও খুচরা বিক্রেতাদের ওপর চলমান প্রশাসনিক অভিযান বন্ধ করা, ডিস্ট্রিবিউশন চার্জ বৃদ্ধি এবং বাজারে নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করা।

বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ ব্যবসায়ীদের আশ্বস্ত করে বলেন, চলমান অভিযান নিয়ে প্রশাসনের সাথে কথা বলা হবে এবং ডিস্ট্রিবিউশন চার্জ পুনর্নির্ধারণে আইনগত পদক্ষেপ নেওয়া হবে। এছাড়া আমদানিকারক প্রতিষ্ঠানগুলো বিকল্প উপায়ে গ্যাস আনছে, যার ফলে আগামী সপ্তাহের মধ্যেই সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক হতে পারে।

তবে দাম নিয়ে সংকট কাটছে না। বিইআরসি জানুয়ারি মাসের জন্য ১২ কেজির সিলিন্ডারের দাম ১ হাজার ৩০৬ টাকা নির্ধারণ করলেও ব্যবসায়ীদের দাবি, অপারেটরদের কাছ থেকে কিনতেই তাদের ১ হাজার ৩০০ টাকার বেশি খরচ হচ্ছে। ফলে দেড় হাজার টাকার নিচে বিক্রি করা তাদের পক্ষে সম্ভব নয়।

এর আগে বুধবার (০৭ জানুয়ারি) ধর্মঘটের ডাক দেয় সমিতি। বৃহস্পতিবার সকাল থেকে ঢাকা, গাজীপুর ও সিলেটসহ দেশের বেশ কিছু অঞ্চলে সিলিন্ডার সরবরাহ বন্ধ থাকলেও ধর্মঘট প্রত্যাহারের ফলে তা দ্রুত স্বাভাবিক হতে শুরু করবে।

Tepantor

তেপান্তরে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Array