Tepantor

চান্দিনায় বাস উল্টে দুই যাত্রী নিহত, আহত অন্তত ১৫

9 January, 2026 : 9:19 am

চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি:

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনায় নিয়ন্ত্রণ হারানো একটি যাত্রীবাহী বাস উল্টে দুই জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার তীরচর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন আরও অন্তত ১৫ যাত্রী।

নিহতরা হলেন ফেনীর ফুলগাজী উপজেলার সাইদুল হক মজুমদার (৩৪) এবং নোয়াখালীর কোম্পানীগঞ্জের আরমান হোসেন (১৬)।

পুলিশ জানায়, ঢাকা থেকে ফেনীগামী স্টার লাইন পরিবহনের একটি বাস তীরচর এলাকায় পৌঁছালে প্রথমে সড়ক বিভাজকের ওপর আছড়ে পড়ে। পরে বাসটি বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসকে ধাক্কা দিয়ে মহাসড়কের ওপর উল্টে যায়। দুর্ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দা ও হাইওয়ে পুলিশ সদস্যরা আহতদের উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন ক্লিনিকে পাঠান।

চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, সেখানে চিকিৎসাধীন আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

দুর্ঘটনার পর মহাসড়কের উভয় পাশে প্রায় ১০ কিলোমিটার এলাকায় যানবাহন চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন জানান, দুর্ঘটনাকবলিত বাস ও মাইক্রোবাস সরিয়ে নেওয়ার পর যান চলাচল স্বাভাবিক হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Tepantor

তেপান্তরে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Array