মুন্সীগঞ্জ প্রতিনিধি:
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জ অংশে বিকল হয়ে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় এক পরিবহন শ্রমিক নিহত হয়েছেন। শুক্রবার (৯ জানুয়ারি) ভোরে সিরাজদিখান উপজেলার নিমতলি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন আরও অন্তত ১৫ জন যাত্রী।
নিহত ব্যক্তির নাম তারেক (৪৫)। তিনি দুর্ঘটনাকবলিত ‘পূর্বাশা পরিবহন’ বাসের সুপারভাইজার হিসেবে কর্মরত ছিলেন।
ফায়ার সার্ভিস ও পুলিশ সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা থেকে ছেড়ে আসা ঢাকামুখী বাসটি নিমতলি এলাকায় পৌঁছালে মহাসড়কের লেনে বিকল হয়ে থেমে থাকা একটি পণ্যবাহী ট্রাককে সজোরে ধাক্কা দেয়। ঘন কুয়াশা ও তীব্র গতির কারণে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের পেছনে আছড়ে পড়লে এর সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এসময় বাসের ভেতরে বেশ কয়েকজন যাত্রী আটকা পড়েন এবং ঘটনাস্থলেই সুপারভাইজারের মৃত্যু হয়।
খবর পেয়ে সিরাজদিখান ও শ্রীনগর ফায়ার স্টেশনের তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়। উদ্ধারকর্মীরা আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনাকবলিত যানবাহনগুলো সরিয়ে নেওয়ার পর বর্তমানে এক্সপ্রেসওয়েতে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় হাইওয়ে পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহণ করছে।
তেপান্তরে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
ArrayCopyright © 2026 তেপান্তর | Design & Developed By: ZamZam Graphics