Tepantor

মেঘনার বালু সন্ত্রাসীদের স্বর্গরাজ্যে ভ্রাম্যমান আদালতের অভিযান

9 January, 2026 : 2:45 pm

শফিকুল ইসলাম বাদল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি :-

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মেঘনা নদী এখন বালু সন্ত্রাসীদের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। নদীর তীরবর্তী চরলাপাং, মানিকনগর, সাহেবনগরসহ বিভিন্ন গ্রামে রাতদিন ড্রেজারের (মাটি খননযন্ত্র) বিকট শব্দে স্থানীয়দের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। এতে ফসলি জমিসহ ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার ঝুঁকিতে রয়েছে।
সরকারি নথি অনুযায়ী- নাসিরাবাদ বালুমহাল ২০২৫ সালের জন্য ৮ কোটি ৯৩ লাখ ৭৫ হাজার টাকায় ইজারা পেয়েছে মেসার্স সামিউল ট্রেডার্স।

কিন্তু ইজারাদার সরকারি নিয়ম মানছেন না। বরং রাতের অন্ধকারে অবৈধ ভাবে ফসলি জমির তীর ঘেষে বালু উত্তলন করে থাকে। এই বালু ব্যবসার সঙ্গে স্থানীয় ও পার্শ্ববর্তী উপজেলার শতাধিক প্রভাবশালীরা জড়িত বলে অভিযোগ রয়েছে।
স্থানীয়রা জানান- এই বালু মহালকে ঘিরে চলে সশস্ত্র পাহারা। কেউ প্রতিবাদ করলেই তার জীবন হুমকির মুখে পড়ে। এ ব্যাপারে ভুক্তভোগী এলাকাবাসীরা বলেন- “এখনই ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ না করলে চরলাপাং, মানিকনগরসহ আশপাশের গ্রাম গুলো মানচিত্র থেকে মুছে যাবে”।
এ অভিযোগ অস্বীকার করে ইজারাদার শাখাওয়াত হোসেন বলেন- “তারা সরকারি নিয়ম মেনেই কাজ করছেন”।
মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলন নিয়ে সম্প্রতি বিভিন্ন সংবাদ মাধ্যমে সংবাদ প্রকাশের পর ব্যাপক আলোচনা সমালোচনার সৃষ্টি হয়। এরই পরিপ্রেক্ষিতে গতকাল (৮/১/২৬) নাছিরাবাদ বালুমহালে ব্রাহ্মণবাড়িয়ার জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রিন্স সরকারে নেতৃত্বে যৌথবাহিনী ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেন। অভিযানে চুক্তিপত্রের সীমানার বাহিরে চরলাপাং মৌজায় ড্রেজারকে বালু উত্তোলন অবস্থায় পাওয়া যায়। এ সময় ২টি ড্রেজার ও ৪জন ড্রেজার শ্রমিককে আটক করে ভ্রাম্যমান আদালত।
জেলা ম্যাজিস্ট্রেট প্রিন্স সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান-“আইন অমান্যকারীদের বিরুদ্ধে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে”।
উল্লেখ সম্প্রতি বিভিন্ন সংবাদ মাধ্যমে এ সংবাদ প্রকাশের পর নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসান জানিয়ে ছিলেন-“বালু মহালের অবৈধ কর্মকাণ্ডের বিষয়টি তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছে। খুব শিগগিরই যৌথ বাহিনীর মাধ্যমে অভিযান পরিচালনা করা হবে”।

Tepantor

তেপান্তরে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Array