তেপান্তর রিপোর্ট:
টাঙ্গাইলে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস এবং চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগে একটি চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব-১৪। শুক্রবার (০৯ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে র্যাব-১৪ সিপিসি-৩ এর কোম্পানি কমান্ডার কাওসার বাঁধন এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন।
গ্রেপ্তারকৃতরা হলেন— বেল্লাল হোসেন (৩৩), জয়নাল আবেদীন (৫২), আনোয়ার হোসেন (৫২), আল আমিন (২৮) এবং অপূর্ব ব্যানার্জী (৪৩)। র্যাব জানিয়েছে, গ্রেপ্তারকৃত জয়নাল আবেদীন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে অফিস সহকারী প্রশাসনিক (শিশু কল্যাণ) পদে কর্মরত রয়েছেন।
র্যাব জানায়, বৃহস্পতিবার ঢাকায় সেনাবাহিনীর অভিযানে গ্রেপ্তারকৃত প্রশ্ন ফাঁস চক্রের সদস্য মাহবুবের দেওয়া তথ্যের ভিত্তিতে টাঙ্গাইলে এই বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে চক্রটির কাছ থেকে বিপুল পরিমাণ মোবাইল ফোন, নগদ টাকা, ব্ল্যাংক চেক, স্ট্যাম্প পেপার, প্রার্থীদের প্রবেশপত্র এবং মূল সনদপত্র জব্দ করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মোবাইল ফোনে প্রশ্ন সরবরাহ ও অর্থ লেনদেনের গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে।
কোম্পানি কমান্ডার কাওসার বাঁধন জানান, এই চক্রটি দীর্ঘ দিন ধরে সরকারি চাকরির প্রলোভন দেখিয়ে মানুষের কাছ থেকে বিপুল টাকা হাতিয়ে নিচ্ছিল। এ ঘটনায় শেরে বাংলা নগর থানায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পক্ষ থেকে একটি মামলা করা হয়েছে এবং গ্রেপ্তারকৃতদের টাঙ্গাইল সদর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
তেপান্তরে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
ArrayCopyright © 2026 তেপান্তর | Design & Developed By: ZamZam Graphics