Tepantor

বিএনপির স্থায়ী কমিটির জরুরি বৈঠক: তারেক রহমানকে ‘চেয়ারম্যান’ ঘোষণার গুঞ্জন

10 January, 2026 : 10:34 am

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির জরুরি বৈঠক শুরু হয়েছে। শুক্রবার (০৯ জানুয়ারি) রাত সাড়ে ৯টার পর রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক শুরু হয়। আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে এই বৈঠক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে বলে দলীয় সূত্রে জানা গেছে।

বৈঠকের অন্যতম প্রধান আলোচ্য বিষয় হিসেবে উঠে এসেছে তারেক রহমানকে আনুষ্ঠানিকভাবে বিএনপির ‘চেয়ারম্যান’ হিসেবে ঘোষণা করা। দলের গঠনতন্ত্র অনুযায়ী তিনি বর্তমানে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করলেও, দলীয় প্রধান হিসেবে তার আনুষ্ঠানিক নামকরণের বিষয়টি দীর্ঘদিনের দাবি। বিশেষ করে নির্বাচনী প্রচারণায় ব্যানার ও ফেস্টুনে কার ছবি ব্যবহার করা হবে, সে বিষয়ে চূড়ান্ত আইনি ও সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজনে এই পদবি স্পষ্ট করা জরুরি হয়ে পড়েছে।

বিএনপির মিডিয়া উইং সূত্রে জানা গেছে, স্থায়ী কমিটির অধিকাংশ সদস্য তারেক রহমানকে পূর্ণাঙ্গ চেয়ারম্যানের দায়িত্ব নেওয়ার প্রস্তাব দিয়েছেন। তবে তারেক রহমান তৃণমূল নেতাকর্মীদের মতামত ও পরামর্শকে সর্বোচ্চ গুরুত্ব দিতে চান। তৃণমূলের মনোভাব বিবেচনা করেই তিনি চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে আগ্রহী।

বৈঠকে রাজনৈতিক কৌশল, নির্বাচনী প্রস্তুতি এবং কূটনৈতিক সম্পর্ক জোরদার করার বিষয়েও বিস্তারিত আলোচনা হওয়ার কথা রয়েছে। স্থায়ী কমিটির সদস্যদের উপস্থিতিতে এই রুদ্ধদ্বার বৈঠক শেষে দলের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ব্রিফিং বা ঘোষণা আসে কি না, সেদিকেই তাকিয়ে আছে রাজনৈতিক মহল।

Tepantor

তেপান্তরে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Array