Tepantor

সরাইলে দুই গ্রামবাসীর রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত অন্তত ২৫

10 January, 2026 : 6:39 pm

তেপান্তর রিপোর্ট:

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার অরুয়াইল বাজারে আধিপত্য বিস্তার ও নৌ-সমিতির নেতৃত্ব নিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার (১০ জানুয়ারি) দুপুরের এই সহিংসতায় দেশীয় অস্ত্রের আঘাতে অন্তত ২৫ জন আহত হয়েছেন।

স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, রানীদিয়া গ্রামের বিএনপি নেতা আব্দুল খালেক এবং ধামাউড়া গ্রামের যুবদল নেতা আব্দুল আজিজের মধ্যে ‘বাল্কহেড নৌ পরিবহন মালিক সমবায় সমিতি’র নিয়ন্ত্রণ নিয়ে দীর্ঘদিন ধরে উত্তেজনা চলছিল। শুক্রবার রাতে দুই নেতার মধ্যে কথা কাটাকাটির জেরে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

শনিবার দুপুরে দুই পক্ষ টেঁটা ও বল্লমসহ দেশীয় অস্ত্র নিয়ে অরুয়াইল বাজারে মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়। এতে বাজার এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং রণক্ষেত্রে পরিণত হয়। সংঘর্ষে দুই পক্ষের বেশ কয়েকজন গুরুতর জখম হন। আহতদের উদ্ধার করে স্থানীয় ও জেলা সদরের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

জেলা অতিরিক্ত পুলিশ সুপার মো. ওবায়দুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মূলত অর্থনৈতিক লেনদেন ও ব্যক্তিগত বিরোধ থেকেই এই সংঘাতের সূত্রপাত। খবর পাওয়ার পরপরই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে।

Tepantor

তেপান্তরে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Array