তেপান্তর রিপোর্ট:
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে গাঁজার চালান ছেড়ে দেওয়ার বিনিময়ে ঘুষ গ্রহণের অভিযোগে এক উপ-পরিদর্শক (এসআই) ও এক কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। শনিবার (১০ জানুয়ারি) সকালে জেলা পুলিশ সুপার শাহ মোহাম্মদ আব্দুর রউফ এই শাস্তিমূলক ব্যবস্থার বিষয়টি নিশ্চিত করেছেন।
শাস্তিপ্রাপ্তরা হলেন—নবীনগর থানার এসআই জাহিদ আহসান ও কনস্টেবল আবু কাউছার। গত শুক্রবার রাতেই তাদের বরখাস্তের আদেশ কার্যকর করা হয়।
তদন্ত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ৫ জানুয়ারি ভোরে নবীনগর-সলিমগঞ্জ সড়কের কানাবাড়ি মোড়ে একটি গাঁজাভর্তি পিকআপ ভ্যান আটক করেন টহলে থাকা ওই দুই পুলিশ সদস্য। তবে উর্ধ্বতন কর্তৃপক্ষকে না জানিয়ে এবং কোনো আইনি ব্যবস্থা না নিয়ে মোটা অঙ্কের অর্থের বিনিময়ে তারা মাদকসহ ট্রাকটি ছেড়ে দেন বলে অভিযোগ ওঠে।
ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে জানাজানি হলে জেলা পুলিশ সুপারের নজরে আসে। এরপরই নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) দ্রুত তদন্ত প্রতিবেদন জমার নির্দেশ দেন তিনি। প্রাথমিক সত্যতা পাওয়ার পর বিভাগীয় ব্যবস্থা হিসেবে তাদের সাময়িক বরখাস্ত করা হয়।
নবীনগর থানার ওসি রফিকুল ইসলাম জানিয়েছেন, শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাদের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। পূর্ণাঙ্গ বিভাগীয় তদন্ত শেষে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।
তেপান্তরে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
ArrayCopyright © 2026 তেপান্তর | Design & Developed By: ZamZam Graphics