Tepantor

ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রদলে যোগ দিলেন গণ-অভ্যুত্থানের শতাধিক শিক্ষার্থী

11 January, 2026 : 7:38 am

নিজস্ব প্রতিবেদক, ব্রাহ্মণবাড়িয়া:

জুলাই গণ-অভ্যুত্থানে সক্রিয়ভাবে অংশ নেওয়া ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী আনুষ্ঠানিকভাবে জাতীয়তাবাদী ছাত্রদলে যোগদান করেছেন। শনিবার (১০ জানুয়ারি) বিকেলে শহরের শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে আয়োজিত এক ‘অভিষেক ও মিলন মেলা’ অনুষ্ঠানে তারা এই রাজনৈতিক সিদ্ধান্ত জানান।

জেলা ছাত্রদলের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় অর্থ বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি খালেদ হোসেন মাহবুব শ্যামল। তিনি নবাগত শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন। অনুষ্ঠানের শুরুতে জুলাই বিপ্লবে শহীদদের স্মরণে এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রোগমুক্তিতে এক মিনিট নীরবতা পালন করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে খালেদ হোসেন মাহবুব বলেন, ছাত্ররাই এই আন্দোলনের মূল চালিকাশক্তি ছিল এবং তাদের নেতৃত্বেই ফ্যাসিবাদী সরকারের পতন নিশ্চিত হয়েছে। তবে আন্দোলনের সেই চেতনা বর্তমানে ম্লান হওয়ার উপক্রম হয়েছে বলে তিনি সতর্ক করেন। প্রশাসনের বিভিন্ন স্তরে ‘ফ্যাসিবাদী বাস্তবতা’ পুনরায় ফিরে আসার লক্ষণ দেখা যাচ্ছে উল্লেখ করে তিনি নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানান।

তিনি আরও উল্লেখ করেন যে, বিএনপির ঘোষিত ৩১ দফা সংস্কার প্রস্তাব রাষ্ট্র পুনর্গঠনে সবচেয়ে সময়োপযোগী দলিল। নবাগত এই মেধাবী ও বিপ্লবী তরুণদের হাত ধরে ছাত্রদলকে পুরোনো কাঠামো ভেঙে আধুনিক ও যুগোপযোগী হিসেবে গড়ে তোলা হবে বলে তিনি প্রতিশ্রুতি দেন।

জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মাইনুল হোসেন চপলের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাজিদুর রহমান এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় সংগঠক মোহাইমিনুল আজবীনসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

Tepantor

তেপান্তরে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Array