তেপান্তর রিপোর্ট:
বিদ্যমান নানামুখী চ্যালেঞ্জ মোকাবিলা করে ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় সূচনা করতে চায় বিএনপি। শনিবার (১০ জানুয়ারি) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মার সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎকারে দলটির চেয়ারম্যান তারেক রহমান এই অবস্থান ব্যক্ত করেন।
বিকেল ৫টায় শুরু হওয়া এই বৈঠকে তারেক রহমানের সঙ্গে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং দলের যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির। একই দিনে ভারতের হাইকমিশনার ছাড়াও তুরস্ক ও মিসরের রাষ্ট্রদূতগণ বিএনপি চেয়ারম্যানের সঙ্গে পৃথকভাবে সাক্ষাৎ করেন।
বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির বলেন, “তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের পর আন্তর্জাতিক মহলে তাকে নিয়ে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। ভারতের প্রধানমন্ত্রীর শোকবার্তাতেও বাংলাদেশের সঙ্গে নতুন সম্পর্কের ইঙ্গিত দেওয়া হয়েছে। সেই প্রেক্ষাপটে শান্তি ও নিরাপত্তা নিশ্চিতে বিদ্যমান চ্যালেঞ্জগুলো অ্যাড্রেস করে কীভাবে দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নেওয়া যায়, তা নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে।”
তিনি আরও জানান, বিএনপি ভবিষ্যতে সরকার গঠন করলে কূটনৈতিক সম্পর্কের রূপরেখা কেমন হবে, তা নিয়েও কূটনীতিকদের সঙ্গে মতবিনিময় হয়েছে। এটি মূলত একটি শুভেচ্ছা সাক্ষাৎ ছিল এবং আগামীতে অন্যান্য দেশের প্রতিনিধিদের সঙ্গেও পর্যায়ক্রমে এ ধরনের বৈঠক অনুষ্ঠিত হবে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, দীর্ঘ প্রবাস জীবন শেষে দেশে ফেরার পর তারেক রহমানের সঙ্গে বিদেশি কূটনীতিকদের এই ধারাবাহিক বৈঠক রাজনৈতিক ও কৌশলগতভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
তেপান্তরে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
ArrayCopyright © 2026 তেপান্তর | Design & Developed By: ZamZam Graphics