তেপান্তর আন্তর্জাতিক ডেস্ক:
বিশ্ব রাজনীতিতে চরম বিস্ময় সৃষ্টি করে নিজেকে দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলার ‘ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট’ হিসেবে ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রবিবার (১১ জানুয়ারি) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশাল’-এ একটি ছবি পোস্ট করে তিনি এই ঘোষণা দেন। ছবির ক্যাপশনে ট্রাম্প উল্লেখ করেন যে, ২০২৬ সালের জানুয়ারি মাস থেকে তিনি ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করেছেন।
এই নজিরবিহীন ঘোষণার প্রেক্ষাপট শুরু হয় গত ৩ জানুয়ারি। সেদিন ভেনেজুয়েলার রাজধানী কারকাসে এক ঝটিকা সামরিক অভিযান চালায় মার্কিন কমান্ডোরা। তারা দেশটির বর্তমান প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে তাদের সরকারি বাসভবন থেকে আটক করে বিমানে করে যুক্তরাষ্ট্রে নিয়ে যায়।
যুক্তরাষ্ট্রের অভিযোগ, মাদুরো এবং তার পরিবার আন্তর্জাতিক মাদক পাচার চক্রের সাথে জড়িত। বর্তমানে মাদুরো এবং তার স্ত্রী নিউইয়র্ক সিটির একটি ফেডারেল কারাগারে বন্দি রয়েছেন এবং মার্কিন আদালতে তাদের বিচারের প্রস্তুতি চলছে। মাদুরোর অনুপস্থিতিতে ভেনেজুয়েলার রাজনৈতিক শূন্যতা পূরণের অজুহাতে ট্রাম্প এই পদক্ষেপ নিয়েছেন বলে বিশ্লেষকরা মনে করছেন।
ইতিহাসে এই প্রথম কোনো মার্কিন প্রেসিডেন্ট অন্য একটি সার্বভৌম দেশের প্রধান হিসেবে নিজেকে ঘোষণা করলেন। এই ঘটনায় আন্তর্জাতিক মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। লাতিন আমেরিকার দেশগুলো এবং রাশিয়া ও চীন এই পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়ে একে ‘আধুনিক যুগের উপনিবেশবাদ’ বলে অভিহিত করেছে।
তেপান্তরে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Copyright © 2026 তেপান্তর | Design & Developed By: ZamZam Graphics