আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রকাশিত এক নতুন জনমত জরিপে বড় দুই দল বিএনপি ও জামায়াতে ইসলামীর মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতার চিত্র ফুটে উঠেছে। সোমবার (১২ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবে ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব ল’ অ্যান্ড ডিপ্লোম্যাসি (আইআইএলডি) আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই জরিপের ফলাফল প্রকাশ করা হয়।
জরিপের তথ্য অনুযায়ী, বর্তমানে ৩৪.৭ শতাংশ ভোটার বিএনপিকে এবং ৩৩.৬ শতাংশ ভোটার জামায়াতে ইসলামীকে সমর্থন করছেন। অর্থাৎ দুই দলের মধ্যে ব্যবধান মাত্র ১.১ শতাংশ। এছাড়া নবগঠিত জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ৭.১ শতাংশ এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ ৩.১ শতাংশ ভোটারের সমর্থন পেয়েছে। উল্লেখযোগ্য বিষয় হলো, এখনো ১৭ শতাংশ ভোটার কোনো সিদ্ধান্ত নেননি।
জরিপ বিশ্লেষণে দেখা গেছে, বিএনপির শক্তির মূল জায়গা হলো রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা ও প্রশাসনিক সক্ষমতা। বিশেষ করে ৩০ থেকে ৫৯ বছর বয়সী কর্মক্ষম ভোটার এবং কৃষক-শ্রমিক শ্রেণির মধ্যে দলটির শক্ত অবস্থান রয়েছে। অন্যদিকে, তরুণ প্রজন্মের (১৮-২৯ বছর) এবং উচ্চশিক্ষিত জনগোষ্ঠীর কাছে জামায়াতে ইসলামীর জনপ্রিয়তা বেশি। সততা ও পরিবর্তনের রাজনীতির কারণে ভোটাররা দলটির প্রতি আকৃষ্ট হচ্ছেন।
মেশিন লার্নিং প্রজেকশন অনুযায়ী, সিদ্ধান্তহীন ভোটারদের ঝোঁক বিবেচনায় নিলে বিএনপির সমর্থন ৪৩.২ শতাংশ এবং জামায়াতের সমর্থন ৪০.৮ শতাংশ পর্যন্ত পৌঁছাতে পারে। গত ২১ নভেম্বর থেকে ২০ ডিসেম্বর পর্যন্ত দেশের ৬৪টি জেলার ২৯৫টি আসনে এই জরিপ পরিচালিত হয়। সংবাদ সম্মেলনে বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক দিলারা চৌধুরী ও ড. মুশতাক খানসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
তেপান্তরে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
ArrayCopyright © 2026 তেপান্তর | Design & Developed By: ZamZam Graphics